
বরিশাল প্রতিনিধি :
বরিশালের আগৈলঝাড়া উপজেলায় সুমি আক্তার (ছদ্মনাম) নামে এক ডায়াগনস্টিক সেন্টারের কর্মীর মৃত্যুকে কেন্দ্র করে এক চিকিৎসকের বিরুদ্ধে প্রতারণা ও প্ররোচনার অভিযোগ উঠেছে। তবে এখন পর্যন্ত থানায় কেউ আনুষ্ঠানিক অভিযোগ বা মামলা করেননি।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
স্থানীয় সূত্র জানায়, আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার মাসুদ পারভেজ (ছদ্মনাম) নিয়মিত আল্ট্রাসনোগ্রামের জন্য পাশের একটি ডায়াগনস্টিক সেন্টারে যাতায়াত করতেন। এ সময় সেন্টারের কর্মী সুমি আক্তারের সাথে তার ঘনিষ্ঠতা নিয়ে এলাকায় আলোচনা শুরু হয়।
পরিবারের দাবি, সম্পর্কের একপর্যায়ে সুমি নিজের সংসার ভেঙে নতুন করে সংসার শুরু করতে প্রস্তুত ছিলেন। কিন্তু পরে তিনি জানতে পারেন, চিকিৎসক তার সঙ্গে প্রতারণা করেছেন। এ কারণে মানসিক চাপে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অবস্থার কথা উল্লেখ করেন সুমি।
এরই মধ্যে সুমি বিষপান করলে তাকে গুরুতর অবস্থায় গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে শের–ই–বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। শনিবার (২২ নভেম্বর) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ঘটনার পর থেকে অভিযুক্ত চিকিৎসক কর্মস্থলে অনুপস্থিত এবং তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে।
আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোর্শেদ সজিব বলেন, “বিভিন্ন মাধ্যমে অভিযোগ শুনেছি। পরিবার চাইলে যেকোনো আইনি সহায়তা দেওয়া হবে।”
আগৈলঝাড়া থানার ওসি মো. অলিউল ইসলাম জানান, “এখনও কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
তদন্তের আগে আইনশৃঙ্খলা বাহিনী কাউকে দায়ী করতে পারছে না বলেও জানানো হয়েছে।
এই বাংলা/এমএস
টপিক
