ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহের মহেশপুরে পাওনা টাকা পরিশোধের কথা বলে মোস্তাক হোসেন নামে এক ইটভাটার লেবার সর্দারকে ডেকে নিয়ে গলা কেটে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটে উপজেলার খালিশপুরের পুরুন্দপুর গ্রামের মাঠে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
বুধবার রাত ৭টার দিকে স্থানীয়রা রাস্তার পাশে কলাবাগান থেকে গুরুতর আহত অবস্থায় মোস্তাককে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহত মোস্তাক হোসেন মহেশপুর পৌরসভার পাতিবিলা গ্রামের আবুল হোসেনের ছেলে।
ঘটনার পর বৃহস্পতিবার সকালে হত্যাচেষ্টার অভিযোগে অভিযুক্ত বাবুলকে গ্রেফতার করে পুলিশ। বাবুল উপজেলার ফতেপুর ইউনিয়নের কানাইডাঙ্গা গ্রামের খালেকের ছেলে।
মহেশপুর থানা পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, মোস্তাক ও বাবুল দুজনেই ইটভাটার লেবার সর্দার। ইটভাটায় লেবার দেওয়ার কথা বলে মোস্তাকের কাছ থেকে প্রায় সাড়ে চার লাখ টাকা নেয় বাবুল। কিন্তু লেবার না দিয়ে টাকা ফেরত দিতেও টালবাহানা করে।
বুধবার বিকেলে টাকা ফেরত ও লেবার দেওয়ার কথা বলে বাবুল মোস্তাককে মারুফদহ এলাকায় ডেকে নেয়। পরে সন্ধ্যায় একই মোটরসাইকেলে ফেরার সময় রূপদহ–পুরুন্দপুর মাঠে পৌঁছালে বাবুল মোটরসাইকেলের পেছন থেকে চাকু দিয়ে মোস্তাকের গলায় আঘাত করে। দুজনেই মোটরসাইকেল থেকে পড়ে গেলে বাবুল আবারও আঘাতের চেষ্টা করে, কিন্তু পথচারীদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, অভিযুক্ত বাবুলকে গ্রেফতার করা হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এই বাংলা/এমএস
টপিক

