স্টাফ রিপোর্টার :
নীলফামারীর উত্তরা এক্সপোর্ট প্রসেসিং জোন (ইপিজেড) এর সনিক বাংলাদেশ লিমিটেড কারখানায় শ্রমিক ছাঁটাই বন্ধসহ ১১ দফা দাবিতে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে ইপিজেডের প্রধান ফটক থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান কর্মসূচিতে রূপ নেয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
বিক্ষোভকারী শ্রমিকরা জানান, কোনো কারণ ছাড়াই দুই শ্রমিককে ছাঁটাই করা হয়েছে। পরিবারগত সমস্যার কারণে ছুটি চাইলে ছুটি না দেওয়া, দুপুরের খাবারের সময় বৃদ্ধি, নির্ধারিত সময়ে ছুটি প্রদানসহ আরও বেশ কয়েকটি দাবি তারা উপস্থাপন করেন। দ্রুত ছাঁটাই হওয়া শ্রমিকদের কাজে ফেরানোর দাবি জানান তারা।
সনিক বাংলাদেশ লিমিটেডের শ্রমিক আলামিন ইসলাম বলেন, “কোনো কারণ ছাড়াই আমাদের দুই সহকর্মীকে ছাঁটাই করা হয়েছে। এভাবে ইচ্ছেমতো শ্রমিক ছাঁটাই আমরা মেনে নেব না। আমাদের সহকর্মীদের চাকরিতে বহালসহ ১১ দফা দাবি মানতে হবে।”
উত্তরা ইপিজেডের নির্বাহী পরিচালক মোহাম্মদ আব্দুল জব্বার বলেন, “কোম্পানির সিদ্ধান্ত অনুযায়ী দু’জন শ্রমিককে অব্যাহতি দেওয়া হয়েছে। শ্রমিকরা এ সিদ্ধান্ত মেনে না নিয়ে ১১ দফা দাবি তুলেছেন। কর্তৃপক্ষ দাবিগুলো বিবেচনায় নিয়েছে, আলোচনা চলছে, দ্রুতই সিদ্ধান্ত জানানো হবে।”
সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ জানান, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শ্রমিকেরা অবস্থান করছেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এই বাংলা/এমএস
টপিক

