কুড়িগ্রামের রৌমারীতে গ্রাম পুলিশ নিয়োগে জালিয়াতি ও ঘুষ বাণিজ্যের অভিযোগ

0
196
রৌমারীতে অর্থের বিনিময়ে গ্রাম পুলিশে চাকরির অভিযোগ / ছবি : এই বাংলা

কুড়িগ্রাম প্রতিনিধি :


কুড়িগ্রামের রৌমারী উপজেলায় বিপুল অঙ্কের অর্থের বিনিময়ে বয়স জালিয়াতি করে গ্রাম পুলিশে চাকরি নেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, স্থানীয় একটি সিন্ডিকেট চক্র বয়স জালিয়াতির মাধ্যমে গ্রাম পুলিশে নিয়োগ দিয়ে হাতিয়ে নিয়েছে লাখ লাখ টাকা।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

জানা গেছে, উপজেলার যাদুরচর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পুরাতন যাদুরচর গ্রামের বাসিন্দা হাফিজুর রহমান জন্ম নিবন্ধনে বয়স কম দেখিয়ে গ্রাম পুলিশ পদে নিয়োগ পান। স্থানীয় সূত্রে জানা যায়, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সরবেশ আলীর সহায়তায় তিনি জন্মনিবন্ধনে ১৯৯৬ সালের জন্ম তারিখ দেখিয়ে চাকরি নেন, যদিও তার জাতীয় পরিচয়পত্র অনুযায়ী জন্ম ১৯৮৫ সালে।

তদন্তে দেখা গেছে, হাফিজুর রহমানের ছেলে নয়ন মিয়ার জন্ম ১৯৯৯ সালে, অথচ হাফিজুরের নতুন জন্মনিবন্ধন অনুযায়ী তিনি মাত্র তিন বছরের বড়। স্থানীয়রা বলছেন, বয়স জালিয়াতির মাধ্যমে এমন নিয়োগ অর্থের বিনিময় ছাড়া সম্ভব নয়।

উপজেলায় গত আগস্ট মাসে ৫টি ইউনিয়নে ১৯ জন গ্রাম পুলিশ নিয়োগে জনপ্রতি ৩ থেকে ৪ লাখ টাকা পর্যন্ত লেনদেন হয়েছে বলে অভিযোগ রয়েছে।

স্থানীয় ইউপি সদস্য রবিউল হক বলেন, “হাফিজুরসহ অনেকে বয়স জালিয়াতি করে চাকরি নিয়েছেন। এখানে বড় অঙ্কের অর্থের লেনদেন হয়েছে।”
অন্য ইউপি সদস্য হযরত আলী বলেন, “যোগ্য প্রার্থীরা বঞ্চিত হয়েছেন, যা এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে।”

এ বিষয়ে ইউপি চেয়ারম্যান সরবেশ আলী বলেন, “হাফিজুরের স্কুল ও জন্মনিবন্ধন সনদ যাচাই করেই চাকরি দেওয়া হয়েছে। তবে কোনো আর্থিক লেনদেন হয়নি।”

রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জল কুমার হালদার বলেন, “যদি বয়স জালিয়াতির প্রমাণ পাওয়া যায়, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”
কুড়িগ্রাম জেলা প্রশাসক সিফাত মেহনাজ বলেন, “বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এই বাংলা/এমএস
টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here