
নাটোর প্রতিনিধি :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নাটোর সদর–২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, “নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততই স্বৈরাচারী শক্তির ফ্যাসিবাদী তৎপরতা বাড়ছে। গণতন্ত্র ও নির্বাচন ব্যাহত করতে আওয়ামী লীগ পরিকল্পিতভাবে আগুন-সন্ত্রাসের পথ বেছে নিয়েছে।”
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে নলডাঙ্গা উপজেলার ধনোকুড়া ঈদগাহ মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
দুলু আরও বলেন, “দেশে অরাজকতা সৃষ্টি ও গণতন্ত্র রুখে দিতে পলাতক আওয়ামী লীগ বিদেশে বসে ষড়যন্ত্র করছে। তারা বুঝে গেছে, এবার তাদের বিচার এড়ানো সম্ভব নয়। তাই বিভ্রান্তি ও সহিংসতা ছড়িয়ে নির্বাচন বানচাল করার চেষ্টা করছে।”
তিনি বলেন, “দেশের মানুষ এখন একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়। গুম, হত্যা, লুটপাট ও জুলাই অভ্যুত্থানের সময়ের নারকীয় ঘটনার বিচার জনগণ দেখতে চায়। যদি ফ্যাসিবাদবিরোধী সব শক্তি ঐক্যবদ্ধ থাকে, তবে আওয়ামী লীগের সব ষড়যন্ত্র ব্যর্থ হবে এবং দেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে।”
সমাবেশে আরও বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহিন, নাসিম উদ্দিন নাসিম, হাফিজ উদ্দিন, যুবদল সভাপতি এ. হাই তালুকদার ডালিম, ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন, ও শ্রমিক দলের নেতা শরিফুল ইসলাম বুলবুল।
এই বাংলা/এমএস
টপিক
