চট্টগ্রাম জেলা পুলিশ কর্মকর্তার বিদায় সংবর্ধনা অনুষ্ঠান

0
145
ছবি - এই বাংলা প্রতিনিধি

চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রাম জেলা পুলিশের আয়োজনে পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন), হাটহাজারী জোন, চট্টগ্রাম—জনাব সামছুউদ্দিন-এর সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি ও বদলি উপলক্ষে এক আন্তরিক ও মর্যাদাপূর্ণ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার জনাব মোঃ সাইফুল ইসলাম সানতু, বিপিএম-বার।

এ সময় উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপারবৃন্দ, বিভিন্ন থানার অফিসার ইনচার্জগণ, জেলা পুলিশের বিভিন্ন শাখার কর্মকর্তা, ট্রাফিক বিভাগের সদস্য এবং অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ।

বক্তারা তাঁদের বক্তব্যে বিদায়ী কর্মকর্তা জনাব সামছুউদ্দিন-এর দায়িত্ববোধ, পেশাগত দক্ষতা, সততা, নেতৃত্ব ও আন্তরিকতার প্রশংসা করেন। তাঁরা বলেন, তিনি সব সময় সহকর্মীদের সঙ্গে পারস্পরিক সম্মান ও বন্ধুত্বপূর্ণ পরিবেশে কাজ করেছেন, যা তাঁকে সহকর্মীদের মাঝে বিশেষভাবে প্রিয় করে তুলেছে।

সভাপতির বক্তব্যে পুলিশ সুপার জনাব মোঃ সাইফুল ইসলাম সানতু, বিপিএম-বার বলেন, “বদলি পুলিশের পেশাগত জীবনের স্বাভাবিক প্রক্রিয়া। একজন যোগ্য ও নিষ্ঠাবান কর্মকর্তা যেখানেই দায়িত্ব পালন করেন, তাঁর কর্মদক্ষতাই তাঁকে সম্মানিত করে তোলে। জনাব সামছুউদ্দিন তাঁর সৎ ও দক্ষ নেতৃত্বের মাধ্যমে চট্টগ্রাম জেলা পুলিশের সুনাম বৃদ্ধি করেছেন। তাঁর কর্মনিষ্ঠা ও মানবিক গুণ আমাদের সবার জন্য অনুপ্রেরণাদায়ক।”

তিনি আরও বলেন, “একজন কর্মকর্তা দায়িত্ব পরিবর্তন করলেও তাঁর সৎ কর্ম ও অবদান চিরস্মরণীয় হয়ে থাকে। চট্টগ্রাম জেলা পুলিশ তাঁর অবদানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে এবং নতুন কর্মস্থলে সর্বাঙ্গীন সাফল্য কামনা করছে।”

নিজ অনুভূতি প্রকাশ করতে গিয়ে নবপদোন্নত সহকারী পুলিশ সুপার জনাব সামছুউদ্দিন বলেন, “চট্টগ্রাম জেলা পুলিশের সঙ্গে কাজ করা আমার জীবনের এক মূল্যবান অধ্যায়। এখানে আমি সহকর্মীদের কাছ থেকে সহযোগিতা, শ্রদ্ধা ও ভালোবাসা পেয়েছি, যা আমার মনে গভীরভাবে থাকবে। পুলিশ সুপার মহোদয়সহ সকল সহকর্মীর প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। ভবিষ্যতেও এই সম্পর্ক ও আন্তরিকতা বজায় রাখার প্রত্যাশা রাখি।”

অনুষ্ঠানের শেষে বিদায়ী কর্মকর্তার প্রতি শুভেচ্ছা স্মারক ও ফুলেল অভিনন্দন জানানো হয়। জেলা পুলিশের কর্মকর্তা ও সদস্যবৃন্দ তাঁর নতুন দায়িত্বে সফলতা ও কল্যাণ কামনা করেন।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here