বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

আজিজ হল ছাত্রশিবিরের উদ্যোগে আন্তঃব্লক শর্টপিচ টুর্নামেন্ট অনুষ্ঠিত

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
ছবি : এই বাংলা প্রতিনিধি

ইবি প্রতিনিধি :


ইসলামী বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হলের উদ্যোগে আবাসিক শিক্ষার্থীদের অংশগ্রহণে “আন্তঃব্লক শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট–২০২৫” অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্রিকেট মাঠে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

প্রতিযোগিতায় ন্যাশনাল ভবনের চারটি এবং ইন্টারন্যাশনাল ভবনের দুইটি ব্লকসহ মোট ছয়টি দল অংশ নেয়। রাত সাড়ে ৯টার দিকে ন্যাশনাল ভবনের ৩য় ও ৪র্থ ব্লক এবং ন্যাশনাল ২য় ব্লকের মধ্যে ফাইনাল অনুষ্ঠিত হয়, যেখানে ন্যাশনাল ২য় ব্লক চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

চ্যাম্পিয়ন দলকে নগদ দুই হাজার টাকা ও ট্রফি এবং রানার্সআপ দলকে নগদ পনেরোশ টাকা ও ট্রফি প্রদান করা হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান, অফিস সম্পাদক রাশেদুল ইসলাম রাফি, পরিকল্পনা ও উন্নয়ন সম্পাদক আরিফুল ইসলাম, হল শাখার সভাপতি তানজিল হোসাইন, সাধারণ সম্পাদক নাহিদ হাসানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে হল শাখার সভাপতি তানজিল হোসাইন বলেন, “এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও বন্ধুত্ব আরও গভীর হয়েছে। আজকের এই মাঠ বিভিন্ন মতাদর্শের শিক্ষার্থীদের মিলনস্থলে পরিণত হয়েছে, যা আমাদের সম্পর্ককে দীর্ঘস্থায়ী করবে বলে আশা করছি।”

শাখা সভাপতি মাহমুদুল হাসান বলেন, “খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি পারস্পরিক সম্পর্ক উন্নয়নের একটি মাধ্যম। আমাদের উচিত হলের প্রাক্তন শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করা, যাতে তারা হলের উন্নয়ন কর্মকাণ্ডে ভূমিকা রাখতে পারেন।”

এই বাংলা/এমএস

টপিক

এই সম্পর্কিত আরো খবর

পঞ্চগড়ের বোদা উপজেলায় চাকরি জীবনের শেষ কর্মদিবসে প্রধান শিক্ষক মো. মোছাদ্দেকুর রহমানকে বর্ণাঢ্য আয়োজনে বিদায় জানিয়েছেন শিক্ষার্থী, সহকর্মী ও এলাকাবাসী।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ২৬ নম্বর কালিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। দীর্ঘ ৩৩ বছরের শিক্ষকতা জীবনের শেষ কর্মদিবসে প্রিয় শিক্ষককে বিদায় জানাতে বিদ্যালয় প্রাঙ্গণ সাজানো হয়।

অনুষ্ঠানে আলোচনা সভা ও সম্মাননা প্রদান শেষে মো. মোছাদ্দেকুর রহমানকে সুসজ্জিত গাড়িতে করে নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয়। গাড়ির সামনে-পেছনে ছিলেন শিক্ষার্থী, সহকর্মী ও এলাকাবাসী। গাড়িতে ওঠার সময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো এবং ফুলের মালা পরিয়ে বিদায় জানানো হয়। এ সময় আবেগাপ্লুত হয়ে পড়েন বিদায়ী প্রধান শিক্ষক।

বিদায়কালে শিক্ষার্থীদের উদ্দেশে মো. মোছাদ্দেকুর রহমান বলেন, “আমি বিদায় নিচ্ছি, কিন্তু দোয়া রেখে গেলাম। তোমরা নিজেদের মানবিক মানুষ হিসেবে গড়ে তুলবে।”

বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা বলেন, বিদায় সবসময়ই কষ্টের। তবে একজন শিক্ষকের কর্মজীবনের শেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে শিক্ষার্থী ও সহকর্মীরা এমন আয়োজন করেছেন। এতে শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকের দীর্ঘদিনের সম্পর্কও প্রতিফলিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বোদা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আজমল আজাদ বলেন, একজন শিক্ষক চাকরিজীবন শেষে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার সময় সন্তানতুল্য শিক্ষার্থীদের ছেড়ে যাওয়ার কষ্ট অনুভব করেন। মোছাদ্দেকুর রহমানের মতো প্রতিটি শিক্ষকের বিদায়ই স্মরণীয় হওয়া উচিত।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোদা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আজমল আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোদা উপজেলা প্রাথমিক শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্রের ইন্সট্রাক্টর এ কে এম সারোয়ার জাহান আহমেদি, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, কালিয়াগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফজলার রহমান, সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাক, কালিয়াগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মোমিন এবং পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহমুদুল হকসহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এই বাংলা/এমএস

পঞ্চগড়ে প্রধান শিক্ষককে বর্ণাঢ্য আয়োজনে বিদায়