মানিকগঞ্জের হরিরামপুরে এক স্বর্ণ ব্যবসায়ীকে মাথায় আঘাত করে তাঁর ব্যাগ ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। আহত ব্যবসায়ীর নাম মনোরঞ্জন কর্মকার। তিনি উপজেলার লেছড়াগঞ্জ বাজারে স্বর্ণের ব্যবসা করেন। তাঁর বাড়ি যাত্রাপুর গ্রামে। তিনি মৃত জীবন কর্মকারের ছেলে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে লেছড়াগঞ্জ বাজার থেকে বাড়ি ফেরার পথে যাত্রাপুর গ্রামে নিজ বাড়ির প্রায় ৩০০ গজ আগে এ ঘটনা ঘটে।
পরে স্থানীয় বাসিন্দারা রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসা ও সিটি স্ক্যানের জন্য তাঁকে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয় বাসিন্দা ও কলেজ শিক্ষক রাসেল মিয়া জানান, রাত সাড়ে ৮টার দিকে যাত্রাপুর গ্রামের নুর আলমের বাড়ির সামনে পৌঁছালে দুর্বৃত্তরা মনোরঞ্জন কর্মকারের ওপর হামলা চালিয়ে তাঁর ব্যাগ ছিনিয়ে নেয়। ঘটনাস্থলে সড়কের ওপর রক্তের দাগ এবং তার পাশে কাঠের একটি লাকড়ি পড়ে থাকতে দেখা গেছে। ওই কাঠ দিয়ে তাঁকে আঘাত করা হয়েছে, নাকি কোপানো হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার অসীম সরকার জানান, মনোরঞ্জনের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে এবং প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তিনি ডায়াবেটিসে আক্রান্ত। তাঁর সিটি স্ক্যান করানো প্রয়োজন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
হরিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) শেখ ফারুক বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ছিনিয়ে নেওয়া ব্যাগে কোনো স্বর্ণ ছিল না। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।
মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, স্বর্ণ ব্যবসায়ীর ওপর হামলা ও ব্যাগ ছিনতাইয়ের ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এই বাংলা/এমএস