সোমবার, ০২ নভেম্বর ২০২৬

টঙ্গীতে ১৫ হাজার ইয়াবাসহ দুই নারী গ্রেপ্তার

গাজীপুর প্রতিনিধি
  • প্রকাশকালঃ সোমবার, ২ নভেম্বর, ২০২৬

গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি বাসায় অভিযান চালিয়ে ১৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ ঘটনায় দুই নারীকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (১ নভেম্বর) রাত ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত টঙ্গী পূর্ব থানার পূর্ব আরিচপুর এলাকার মদিনাপাড়ায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নাজমা বেগম (৫৩) ও সোনিয়া আক্তার (৩৫)। তাঁদের একজনের বাড়ি ময়মনসিংহে এবং অন্যজনের নরসিংদীতে। তাঁরা বর্তমানে টঙ্গীর পূর্ব আরিচপুরের মদিনাপাড়া এলাকায় বসবাস করেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গাজীপুরের উপপরিচালক এমদাদুল ইসলাম মিঠুনের তত্ত্বাবধানে এবং সহকারী পরিচালক শাহীন মাহমুদের নেতৃত্বে একটি দল অভিযান চালায়। এ সময় পূর্ব আরিচপুরের ৩৫ ও ১৪৩ নম্বর বাসায় তল্লাশি করে ১৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে ওই দুই নারীকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মুহাম্মদ মাহবুবুল আলম ভূঁইয়া বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গাজীপুরের উপপরিচালক এমদাদুল ইসলাম মিঠুন বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে তাঁদের অধিদপ্তরের নিয়মিত মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর