বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

রাজশাহীতে ট্যাপেন্টাডল ও গাঁজাসহ গ্রেপ্তার ২, উদ্ধার ১১ লাখ টাকা

রাজশাহী প্রতিনিধি
  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

রাজশাহী মহানগরীর কাটাখালী থানা পুলিশের পৃথক অভিযানে ৩ হাজার ৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১ কেজি ৩০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ ১১ লাখ ৬৩ হাজার ৯৬০ টাকা উদ্ধার করা হয়েছে। এ সময় মো. আবুল কালাম আজাদ (৪৪) ও মো. মানিক ইসলাম (৪৪) নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) গণমাধ্যম শাখার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবিরের নির্দেশনায় মহানগর পুলিশের বিশেষ মাদকবিরোধী দলের সহযোগিতায় কাটাখালী থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, বুধবার (২১ অক্টোবর) রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটে এমাদপুর গ্রামে অভিযান চালিয়ে আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ১ কেজি ৩০০ গ্রাম গাঁজা ও গাঁজা বিক্রির ৩ হাজার ২২০ টাকা উদ্ধার করা হয়।

পরে আবুল কালাম আজাদকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাত আনুমানিক ১টা ২৫ মিনিটে একই গ্রামের মানিক ইসলামের বসতবাড়িতে অভিযান চালায় পুলিশ। বাড়িতে তল্লাশি চালিয়ে টাইলসের নিচে বিশেষ কৌশলে তৈরি গোপন স্থানে ড্রাম দিয়ে বানানো একটি গুদাম থেকে ব্যাগে লুকিয়ে রাখা ৩ হাজার ৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ সময় মাদক বিক্রির নগদ ১১ লাখ ৬৩ হাজার ৯৬০ টাকা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। ঘটনাস্থল থেকে মানিক ইসলামকেও গ্রেপ্তার করা হয় বলে জানায় পুলিশ।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, মানিক ইসলাম দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা করে আসছিলেন। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ বিভিন্ন আইনে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানা, রাজশাহীর বাঘা ও বোয়ালিয়া থানায় একটি করে এবং মতিহার থানায় একাধিক মাদক মামলা রয়েছে। এ ছাড়া কাটাখালী ও মতিহার থানায় তাঁর বিরুদ্ধে দণ্ডবিধি ও অস্ত্র আইনে মামলা থাকার তথ্যও দিয়েছে পুলিশ।

এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে কাটাখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর