বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

ওয়ারীতে লক্ষ টাকার প্রতারণা মামলা: পরোয়ানাভুক্ত পিতা-পুত্র গ্রেপ্তার, আদালতে জামিন মেলায় বাদীর অসন্তোষ

আবু বক্কর সিদ্দিক, নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

রাজধানীর ওয়ারী থানায় দায়েরকৃত একটি প্রতারণা মামলায় পরোয়ানাভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছিল পুলিশ। তবে আদালতে হাজির করার পর তাঁরা জামিনে মুক্তি পেয়েছেন। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন মেসার্স ইউ আর মেরিন ট্রেডার্স-এর স্বত্বাধিকারী মোঃ বোরহান উদ্দিন (৫৭) এবং তাঁর ছেলে ও একই প্রতিষ্ঠানের ম্যানেজার মোঃ উদয় আহমেদ (২৯)।

​প্রাপ্ত তথ্যমতে, মেরিন সলভেজ এন্ট্রিকস এন্টারপ্রাইজ-এর মালিক জনাব মোক্তার হোসেন বাদী হয়ে ওয়ারী থানায় এই প্রতারণা মামলাটি দায়ের করেন। উক্ত মামলায় গত ২০ অক্টোবর রাতে পুলিশ অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত দুই আসামি মোঃ বোরহান উদ্দিন ও তাঁর ছেলে মোঃ উদয় আহমেদকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

​পরদিন, ২১ অক্টোবর গ্রেপ্তারকৃত পিতা-পুত্রকে সংশ্লিষ্ট আদালতে হাজির করা হয়। বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মহোদয়ের আদালতে শুনানিকালে আসামিপক্ষের আইনজীবী তাঁদের জামিনের আবেদন জানান। প্রধান আসামি বোরহান উদ্দিনের শারীরিক অসুস্থতা (হার্টের রোগী) এবং আইনজীবীর নিজ জিম্মায় বিশেষ বিবেচনার ভিত্তিতে আদালত তাঁদের জামিন মঞ্জুর করেন বলে ধারণা করা হচ্ছে।

​তবে আদালত থেকে জামিনে মুক্ত হওয়ার পরপরই প্রধান আসামি বোরহান উদ্দিন আত্মপক্ষ সমর্থনে বিতর্কিত বক্তব্য দিতে শুরু করেন। উপস্থিত লোকজনের সামনে তিনি বলেন, “আমাকে জেলে রাখা সম্ভব না।” একই সাথে বিভিন্ন প্রভাবশালী মহলের নাম ব্যবহার করে তিনি নানা ধরনের প্রোপাগান্ডা ছড়াচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

​এদিকে, এই জামিনের ঘটনায় চরম হতাশা ও দুঃখ প্রকাশ করেছেন মামলার বাদী জনাব মোক্তার হোসেন। তিনি জানান, এই আসামিদের প্রতারণামূলক কর্মকাণ্ডের কারণে বিদেশি ব্যবসায়ীদের কাছে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে এবং তিনি নিজে লক্ষ লক্ষ টাকার আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন। অথচ এত বড় আর্থিক ক্ষতি ও জালিয়াতির মামলার আসামিদের জামিন দেওয়ার আগে বাদীপক্ষকে বিন্দুমাত্র অবহিত বা কোনো প্রকার তথ্য প্রদান করা হয়নি। বাদীর অজান্তে ও তাঁকে কিছু না জানিয়ে এভাবে আসামিদের জামিনে ছেড়ে দেওয়ায় তিনি তীব্র অসন্তোষ প্রকাশ করেন।

​তবে বিচার ব্যবস্থার প্রতি আস্থা রেখে বাদী জনাব মোক্তার হোসেন আশা প্রকাশ করেন যে, মামলার পরবর্তী ধার্য তারিখে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মহোদয় বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করবেন এবং তিনি ন্যায়বিচার ও সন্তোষজনক রায় পাবেন।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর