খাদ্য নিরাপত্তা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করাকে বর্তমান সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি বলেন, খাদ্য নিরাপদ না হলে জনস্বাস্থ্য মারাত্মক ঝুঁকির মুখে পড়তে পারে। তাই খাদ্য নিরাপত্তার পাশাপাশি নিরাপদ খাদ্য নিশ্চিত করতে মন্ত্রণালয় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।
শনিবার (২৯ আগস্ট) সকাল ১১টায় মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া গিরিশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন শেষে এবং সাটুরিয়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
খাদ্য গুদাম পরিদর্শন ও তদারকির বিষয়ে খাদ্যমন্ত্রী বলেন, দেশের প্রতিটি জেলার খাদ্য গুদাম পর্যায়ক্রমে পরিদর্শন করা হবে। কোথাও অনিয়মের প্রমাণ পাওয়া গেলে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে মানিকগঞ্জের ঘিওর উপজেলার একটি খাদ্য গুদামে অনিয়ম শনাক্ত হওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, যেকোনো ধরনের দুর্যোগ মোকাবিলায় দেশে পর্যাপ্ত খাদ্য মজুত রাখা প্রয়োজন। এ বিষয়ে সরকার সতর্ক রয়েছে এবং খাদ্য মজুত পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে।
দেশে সার সংকট রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী বলেন, বর্তমানে দেশে সার সংকট নেই। সম্প্রতি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত পর্যালোচনা সভায় দেশের সার মজুত পর্যাপ্ত রয়েছে বলে উঠে এসেছে। তবে মাঠপর্যায়ে সার বিতরণে কিছুটা সমন্বয়হীনতা থাকতে পারে। এর কারণে চলতি রোপা আমন মৌসুমে ধান উৎপাদন ব্যাহত হবে না বলেও আশ্বস্ত করেন তিনি।
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যোগাযোগব্যবস্থা প্রসঙ্গে মন্ত্রী জানান, মানিকগঞ্জের পাটুরিয়া, রাজবাড়ীর দৌলতদিয়া ও পাবনার কাজীরহাট নৌরুটকে কেন্দ্র করে ‘ওয়াই’ (Y) প্যাটার্নে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় এরই মধ্যে সমীক্ষাসহ প্রাথমিক প্রস্তুতিমূলক কার্যক্রম চলছে। শিগগিরই প্রকল্পটির দৃশ্যমান কাজ শুরু হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধানকোড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম জুয়েল। উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুছ খান মজলিশ মাখন, সাধারণ সম্পাদক আবুল বাশার সরকার।
সাটুরিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক মুহাম্মদ আমির হামজা ও যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম বকুলের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আওয়াল খান, সাটুরিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহীন আযাদ বিপ্লব, উপজেলা কৃষক দলের সভাপতি বরকত মল্লিকসহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এই বাংলা/এমএস