বরিশালে বরফের দামে অস্বাভাবিক বৃদ্ধি, বিপাকে মাছ ব্যবসায়ীরা

0
159
ছবি : এই বাংলা প্রতিনিধি

বরিশাল প্রতিনিধি :


বরিশালে মাছ সংরক্ষণ ও বিক্রয়ের অপরিহার্য উপকরণ বরফের দামে অস্বাভাবিক বৃদ্ধি দেখা দিয়েছে। মাত্র এক সপ্তাহের ব্যবধানে শহরের বিভিন্ন মাছঘাট ও পাইকারি বাজারে বরফের ক্যানপ্রতি দাম দ্বিগুণ হয়ে গেছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

মৎস্য ব্যবসায়ীদের অভিযোগ, একটি প্রভাবশালী ব্যবসায়ী চক্র বাজার নিয়ন্ত্রণ করে কৃত্রিম সংকট তৈরি করেছে। বর্তমানে শহরে মাত্র পাঁচটি বরফকল চালু রয়েছে। মেঘনা আইস ফ্যাক্টরিতে প্রতি ক্যান বরফ বিক্রি হচ্ছে ১২০ টাকায়, অথচ রসুলপুর, চাঁদমারী ও বিএফডিসি এলাকার কলগুলো একই পরিমাণ বরফ বিক্রি করছে ২৮০ টাকায়।

ফলে খুচরা পর্যায়ে বরফের দাম ৫০০ থেকে ৬০০ টাকায় পৌঁছেছে, যা মাছ ব্যবসায়ীদের ক্ষতিগ্রস্ত করছে। একজন ব্যবসায়ী বলেন, “এভাবে বরফ কিনে মাছ বিক্রি করলে আর লাভ থাকে না, বরং ক্ষতি হয়।”

অভিযোগ রয়েছে, সেভেন স্টার আইস ফ্যাক্টরির মালিক আবুল কালাম এই বাজার নিয়ন্ত্রণে মূল ভূমিকা রাখছেন। স্থানীয়দের দাবি, রাজনৈতিক প্রভাবের কারণে দীর্ঘদিন ধরে তিনি দাম নিয়ন্ত্রণ করে আসছেন।

তবে আবুল কালাম অভিযোগ অস্বীকার করে জানান, “বিদ্যুৎ বিল ও উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে, এর সঙ্গে কোনো সিন্ডিকেটের সম্পর্ক নেই।”

এ বিষয়ে বরিশাল জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুফল চন্দ্র গোলদার বলেন, “অভিযোগ পেলে দ্রুত তদন্ত করা হবে এবং প্রয়োজন হলে ভোক্তা অধিকারের সঙ্গে যৌথভাবে অভিযান পরিচালনা করা হবে।”

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুমি রাণী মিত্র জানান, লিখিত অভিযোগ পেলে যাচাই-বাছাই করে ব্যবস্থা নেওয়া হবে।

মৎস্য ব্যবসায়ীরা সতর্ক করে বলেন, “বরফের দাম এভাবে বাড়তে থাকলে জেলেরা ক্ষতিগ্রস্ত হবে, মাছের দামও বাড়বে, ফলে বাজারে অস্থিরতা আরও বেড়ে যাবে।” তারা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here