সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি :
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই পণ্যের মোড়কে বিএসটিআইয়ের লোগো ব্যবহার এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ‘মিল্কভিটা’র নামের সঙ্গে সাদৃশ্য রেখে ‘মিল্ক মিটা’ নামে আইসক্রিম বাজারজাত করার অভিযোগে একটি আইসক্রিম কারখানাকে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে উপজেলার হাসপাতাল রোড এলাকায় অবস্থিত ওই কারখানায় নিয়মিত বাজার তদারকি অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) আসাদুজ্জামান রুমেল।
অভিযানকালে দেখা যায়, কারখানাটি দীর্ঘদিন ধরে বিএসটিআইয়ের কোনো বৈধ অনুমোদন ছাড়াই তাদের পণ্যের মোড়কে বিএসটিআইয়ের লোগো ব্যবহার করে আসছিল। এছাড়া সুপরিচিত ব্র্যান্ড ‘মিল্কভিটা’র নামের সঙ্গে সাদৃশ্য রেখে ‘মিল্ক মিটা’ নামে আইসক্রিম উৎপাদন ও বাজারজাতের মাধ্যমে ভোক্তাদের বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছিল।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
এসব অনিয়মের প্রমাণ পাওয়ায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটির মালিক সিরাজুল ইসলামের বিরুদ্ধে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে কারখানার মালিককে ভবিষ্যতে এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে ভোক্তাদের অনুমোদিত ও মানসম্মত পণ্য কেনার আহ্বান জানানো হয়।
সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, “বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া লোগো ব্যবহার আইনত দণ্ডনীয় অপরাধ। একইভাবে প্রতিষ্ঠিত কোনো ব্র্যান্ডের নাম বা পরিচিতি অনুকরণ করে পণ্য বাজারজাত করাও ভোক্তাদের সঙ্গে প্রতারণার শামিল। এসব অপরাধের কারণে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।”
তিনি আরও জানান, আগামী এক মাসের মধ্যে বিএসটিআইয়ের প্রয়োজনীয় অনুমোদন গ্রহণ করতে না পারলে প্রতিষ্ঠানটি সিলগালা করার ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে ও ভোক্তাদের অধিকার রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

