বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাটে বাড়ি ফেরার পথে এক আইনজীবীকে কুপিয়ে হত্যা করেছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। শুক্রবার (২৪ জুলাই) গভীর রাতে সদর উপজেলার হাড়িখালী তেঁতুলতলা এলাকায় মর্মান্তিক এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত আইনজীবীর নাম নিজাম উদ্দিন শান্ত (৪২)। তিনি বাগেরহাট সদর উপজেলার পশ্চিমভাগ গ্রামের তোরাব আলীর সন্তান এবং জেলা আইনজীবী সমিতির নিবন্ধিত সদস্য ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শহর থেকে রাতে নিজের বাড়িতে ফিরছিলেন নিজাম উদ্দিন। পথে তেঁতুলতলা নামক স্থানে পৌঁছালে পূর্ব থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তার ওপর অতর্কিত হামলা চালায়। এতে ধারালো অস্ত্রের এলোপাতাড়ি আঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
পরবর্তীতে স্থানীয়দের খবর ও জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে রাত আনুমানিক দেড়টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।
হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে বাগেরহাট সদর মডেল থানার কর্মকর্তা (ওসি) মো. শামসুল আরেফিন জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে ইতোমধ্যেই অভিযানে নেমেছে পুলিশ। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এই বাংলা/এমএস
টপিক

