মায়ের অভিযোগে লালপুরে মাদকাসক্ত ছেলে গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড

নাটোর প্রতিনিধি :

 

নাটোরের লালপুর উপজেলার ওয়ালিয়া গ্রামে মাদকাসক্ত ছেলের নির্যাতনে অতিষ্ঠ হয়ে থানায় অভিযোগ করেন এক মা। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

সোমবার (২৯ জুন) দুপুরে ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির একটি দল অভিযান চালিয়ে উপজেলার ওয়ালিয়া গ্রামের বাসিন্দা আলামিন (২৩)কে গ্রেপ্তার করে।

স্থানীয় সূত্রে জানা যায়, আলামিন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। নেশার টাকার জন্য তিনি নিয়মিত মায়ের কাছে অর্থ দাবি করতেন। টাকা না পেলে তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। একপর্যায়ে নিরুপায় হয়ে তার মা ওয়ালিয়া পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ করেন।

অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে আলামিনকে মাদকদ্রব্যসহ আটক করে। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে লালপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম গ্রেপ্তার ও দণ্ডাদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here