নীলফামারীতে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে ইউপি চেয়ারম্যানদের মতবিনিময়

নীলফামারী প্রতিনিধি :

 

নীলফামারী জেলা পরিষদের কার্যক্রম আরও গতিশীল ও জনমুখী করার লক্ষ্যে সদর উপজেলার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) বিকেলে জেলা পরিষদ প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী সভাপতিত্ব করেন।

সভায় সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা নিজ নিজ এলাকার উন্নয়ন, জনসেবা কার্যক্রম এবং বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন জেলা পরিষদের প্রশাসক।

এ সময় জেলা পরিষদের সেবামূলক ও উন্নয়ন কার্যক্রম কীভাবে আরও কার্যকরভাবে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া যায়, সে বিষয়ে চেয়ারম্যানদের কাছ থেকে বিভিন্ন মতামত ও পরামর্শ গ্রহণ করা হয়।

জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী বলেন, “জেলা পরিষদের কার্যক্রমকে আরও বেগবান ও জনকল্যাণমুখী করার লক্ষ্যেই এ মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। ইউনিয়ন পরিষদের সঙ্গে জেলা পরিষদের সমন্বয় ও নিয়মিত যোগাযোগ বজায় থাকলে উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে এবং জনগণ এর সুফল ভোগ করবে।”

সভায় উপস্থিত ছিলেন টুপামারী ইউপি চেয়ারম্যান মছিরত আলী শাহ ফকির, লক্ষীচাপ ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান, রামনগর ইউপি চেয়ারম্যান ওবায়দুল ইসলাম, পঞ্চপুকুর ইউপি চেয়ারম্যান ওয়াহেদুল ইসলাম সরকার, পলাশবাড়ী ইউপি চেয়ারম্যান ইব্রাহিম তালুকদার, সোনারায় ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম শাহ, চড়াইখোলা ইউপি চেয়ারম্যান মাসুম রেজা, চওড়া বড়গাছা ইউপি চেয়ারম্যান আবুল খায়ের বিটুসহ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here