নিজস্ব প্রতিবেদক :
পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও আর্থ-সামাজিক উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে নানিয়ারচর জোনের উদ্যোগে ‘সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্প’-এর আওতায় ক্রীড়া সামগ্রী বিতরণ এবং অসহায় পরিবারের জন্য গৃহ পুনর্নির্মাণে সহায়তা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) সকাল ১১টায় আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং শারীরিক-মানসিক বিকাশে উৎসাহিত করতে বীরশ্রেষ্ঠ মুসী আব্দুর রউফ জুনিয়র মাধ্যমিক বিদ্যালয়ে বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নানিয়ারচর জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. মশিউর রহমান, পিএসসি বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে ক্রীড়া সামগ্রী হস্তান্তর করেন। এ সময় তিনি শিক্ষার্থীদের সুশিক্ষার পাশাপাশি খেলাধুলা ও অন্যান্য সহশিক্ষা কার্যক্রমে নিয়মিত অংশগ্রহণের আহ্বান জানান।
এছাড়া নানিয়ারচর জোনের আওতাধীন ইসলামপুর এলাকার বাসিন্দা মোছা. জাহানারা বেগমের জরাজীর্ণ বসতঘর পুনর্নির্মাণের জন্য ঢেউটিন প্রদান করা হয়। একই সঙ্গে ঘর নির্মাণে প্রয়োজনীয় কাঠ, পেরেক, তারকাটা ও অন্যান্য নির্মাণসামগ্রী ক্রয়ের জন্য আর্থিক সহায়তাও প্রদান করা হয়।
জোন কমান্ডার ভুক্তভোগীর হাতে এ আর্থিক অনুদান তুলে দিয়ে প্রয়োজনীয় নির্মাণসামগ্রী সংগ্রহ করে দ্রুত ঘর নির্মাণের পরামর্শ দেন।
বাংলাদেশ সেনাবাহিনী জানায়, পার্বত্য চট্টগ্রামে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়ন এবং মানবিক সহায়তামূলক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

