নাটোর আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, আহত সাবেক জিপি: অভিযুক্ত আটক

নাটোর প্রতিনিধি :

 

নাটোর জজ কোর্টে নিজ সেরেস্তায় কাজ করার সময় সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন নাটোর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাবেক সরকারি কৌঁসুলি (জিপি) অ্যাডভোকেট আসাদুজ্জামান বাচ্চু। হামলায় তিনি গুরুতর আহত হয়েছেন।

সোমবার (২৯ জুন) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে। পরে উপস্থিত আইনজীবী ও সেরেস্তার কর্মচারীরা হামলাকারীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

আটক ব্যক্তি সিংড়া উপজেলার মহিষমারি গ্রামের রেজাউল করিমের ছেলে কাবিল উদ্দিন (২৮)।

আহত আইনজীবীর ছোট ভাই অ্যাডভোকেট নাজমুল হক জানান, কাবিল উদ্দিনের সঙ্গে তাদের জমি-সংক্রান্ত বিরোধ থাকলেও তা অনেক আগেই মীমাংসা হয়েছে। সম্প্রতি তাদের মধ্যে কোনো বিরোধ ছিল না। এমন পরিস্থিতিতে সোমবার বিকেলে অ্যাডভোকেট আসাদুজ্জামান বাচ্চু নিজ সেরেস্তায় কাজ করার সময় কাবিল উদ্দিন অতর্কিতভাবে লাঠি দিয়ে হামলা চালান।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

তিনি আরও জানান, হামলার আঘাত প্রতিহত করতে গিয়ে অ্যাডভোকেট আসাদুজ্জামানের হাতের একটি আঙুল ভেঙে যায়। এ সময় আদালত চত্বরে থাকা অন্যান্য আইনজীবী ও সেরেস্তার কর্মচারীরা এগিয়ে এসে হামলাকারীকে আটক করেন এবং পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করেন।

আহত অ্যাডভোকেট আসাদুজ্জামান বাচ্চুকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহমেদ জানান, আটক ব্যক্তিকে থানায় নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এই বাংলা/এমএস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here