কিশোরগঞ্জ সদরে বিআরডিবির আয়বর্ধনমূলক প্রশিক্ষণ শুরু

কিশোরগঞ্জ প্রতিনিধি :

গ্রামীণ জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন ও আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কিশোরগঞ্জ সদরে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) উদ্যোগে তিন দিনব্যাপী আয়বর্ধনমূলক প্রশিক্ষণ শুরু হয়েছে।

‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে পল্লী জীবিকায়ন প্রকল্প (তৃতীয় পর্যায়)-এর আওতায় আয়োজিত এ প্রশিক্ষণ রোববার (২৮ জুন) কিশোরগঞ্জ সদর উপজেলা অডিটোরিয়ামে শুরু হয়। প্রশিক্ষণ চলবে আগামী ৩০ জুন পর্যন্ত।

কিশোরগঞ্জ সদর উপজেলা প্রকল্প কর্মকর্তা মো. মোজাম্মেল হকের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রকল্প পরিচালক মো. আলাউদ্দিন সরকার।

এবারের প্রশিক্ষণের বিষয়বস্তু হিসেবে হাঁস-মুরগি ও গাভী পালন নির্ধারণ করা হয়েছে। গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা এবং সুফলভোগীদের দক্ষ খামারি হিসেবে গড়ে তুলতে ব্যবহারিক ও তাত্ত্বিক উভয় ধরনের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। কর্মশালায় উপজেলার বিভিন্ন গ্রামের ১০টি দলের মোট ৮০ জন ঋণগ্রহীতা সদস্য অংশগ্রহণ করছেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান মারুফ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. উজ্জল হেসাইন, জেলা বিআরডিবির উপপরিচালক শেফালী জাহান, ইউআরডিও পলাশ রায়হান এবং বিআরডিবির মাঠ সংগঠক হেপী আক্তার।

অনুষ্ঠানে বক্তারা আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে হাঁস-মুরগি ও গাভী পালন, খামার ব্যবস্থাপনা এবং উৎপাদনশীলতা বৃদ্ধির বিভিন্ন কৌশল তুলে ধরেন। তারা বলেন, এ ধরনের প্রশিক্ষণ গ্রামীণ নারী ও সুফলভোগীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে তারা সফল খামারি হিসেবে আত্মপ্রতিষ্ঠিত হওয়ার পাশাপাশি পারিবারিক আয় বৃদ্ধি ও নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারবেন।

প্রশিক্ষণে অংশগ্রহণকারী সুফলভোগীরাও এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, আধুনিক পদ্ধতিতে পশুপাখি পালন বিষয়ে বাস্তবভিত্তিক জ্ঞান অর্জনের সুযোগ তাদের ভবিষ্যতে লাভজনক খামার গড়ে তুলতে সহায়ক হবে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা প্রকাশ করেন, বিআরডিবির পল্লী জীবিকায়ন প্রকল্পের এ প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় সুফলভোগীরা নিজেদের অর্থনৈতিক অবস্থার উন্নয়নের পাশাপাশি দেশের গ্রামীণ অর্থনীতিকে আরও সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here