বাঘাইছড়িতে জীববৈচিত্র্য সংরক্ষণে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু

বাঘাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি :

পার্বত্য চট্টগ্রামের জীববৈচিত্র্য সংরক্ষণ, পরিবেশ ব্যবস্থাপনা ও ইকোসিস্টেম পুনরুদ্ধারে স্থানীয় অংশীজনদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে রাঙামাটির বাঘাইছড়িতে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

রোববার (২৮ জুন) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে কর্মশালার উদ্বোধন করেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান।

প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন ইকোসিস্টেম রিস্টোরেশন অ্যান্ড রেজিলিয়েন্ট ডেভেলপমেন্ট (ERRD-CHT) প্রকল্প।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বি। এছাড়া উপস্থিত ছিলেন ইউএনডিপির মনিটরিং কনসালট্যান্ট মংহ্লা ম্যান্ট, ক্যাপাসিটি বিল্ডিং অফিসার তুহিন চাকমা, উপজেলা বায়োডাইভারসিটি অ্যান্ড এনভায়রনমেন্ট ফ্যাসিলিটেটর শ্যামুয়েল চাকমাসহ স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশিক্ষণার্থীরা।

আয়োজক সূত্রে জানা গেছে, কর্মশালার প্রথম পর্যায়ে সাজেক ইউনিয়নের পাঁচটি গ্রামের স্থানীয় বাসিন্দাদের অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রশিক্ষণে জীববৈচিত্র্য সংরক্ষণ, পরিবেশ ব্যবস্থাপনা, ইকোসিস্টেম পুনরুদ্ধার, প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবহার এবং পরিবেশ পর্যবেক্ষণ (মনিটরিং) বিষয়ে হাতে-কলমে ধারণা দেওয়া হচ্ছে।

বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামের সমৃদ্ধ জীববৈচিত্র্য ও প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণে স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় জনগণ পরিবেশ সংরক্ষণে আরও সচেতন ও দক্ষ হয়ে উঠবেন, যা টেকসই উন্নয়ন এবং জলবায়ু সহনশীল সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here