গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি :
জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা এবং আধুনিক কৃষি প্রযুক্তির প্রসারে পটুয়াখালীর গলাচিপায় তিন দিনব্যাপী ‘ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা-২০২৬’-এর উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২৬ জুন) সকাল ১১টায় উপজেলা কৃষি অফিসের প্রশিক্ষণ ভবনে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. ইজাজুল হক।
অনুষ্ঠানে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুরের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও জরুরি রাষ্ট্রীয় ব্যস্ততার কারণে তিনি অংশ নিতে পারেননি।
উপজেলা কৃষি কর্মকর্তা আরজু আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক মো. হাফিজুর রহমান, সদস্য সচিব মো. জাকির মুন্সী, পটুয়াখালী জেলা যুব অধিকার পরিষদের সহ-সভাপতি মো. মহিবুল্লাহ এনিমসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রান্তিক কৃষক এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
উদ্বোধনের পর ইউএনও বিভিন্ন স্টল পরিদর্শন করেন। তিনি আধুনিক কৃষি প্রযুক্তি, কৃষিযন্ত্র, উন্নত জাতের ফলজ, বনজ ও ফুলের গাছের চারা ঘুরে দেখেন। পরে পবিত্র কুরআন তিলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে আলোচনা সভা শুরু হয়।
স্বাগত বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা আরজু আক্তার বলেন, সরকারের পাঁচ কোটি ফলজ ও বনজ গাছ রোপণ কর্মসূচির অংশ হিসেবে কৃষকদের মাঝে উন্নত জাতের চারা, সার ও বীজ বিতরণ করা হচ্ছে।
তিনি সরকারি প্রণোদনার যথাযথ ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানিয়ে বলেন, সরকারি সার ও চারা বিক্রি বা অপব্যবহার করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং ভবিষ্যতে তারা সরকারি সুবিধা থেকে বঞ্চিত হবেন।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি খালিদ হাসান মিল্টন এবং গণঅধিকার পরিষদের আহ্বায়ক মো. হাফিজুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও আবুজর মো. ইজাজুল হক বলেন, “বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। টেকসই উন্নয়ন ও অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে কৃষকদের সঙ্গে নিয়েই এগিয়ে যেতে হবে। জলবায়ু পরিবর্তনের এই সময়ে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তির ব্যবহার সময়ের দাবি।”
অনুষ্ঠান শেষে প্রান্তিক কৃষকদের মাঝে সরকারি প্রণোদনার সার ও উন্নত জাতের গাছের চারা বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, তিন দিনব্যাপী এই কৃষি প্রযুক্তি মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

