নিজস্ব প্রতিবেদক :
যুক্তরাজ্যের বহুসাংস্কৃতিক ঐতিহ্যের অন্যতম প্রতীক এবং অর্থনীতির গুরুত্বপূর্ণ খাত গ্রেট ব্রিটিশ কারি শিল্প বর্তমানে বহুমুখী সংকটে পড়েছে। এ সংকট মোকাবিলায় সরকারি নীতিগত সহায়তা ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার দাবিতে ২৪ জুন লন্ডনের ওয়েস্টমিনস্টারের পোর্টকুলিস হাউসে সংসদীয় আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন ইউকে (বিসিএ)।
বিসিএর প্রেসিডেন্ট অলি খান এমবিই, জেনারেল সেক্রেটারি মিঠু চৌধুরী এবং চিফ ট্রেজারার টিপু রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত এ বৈঠকে ব্রিটিশ সংসদ সদস্য, নীতিনির্ধারক, ব্যবসায়ী ও হসপিটালিটি খাতের প্রতিনিধিরা অংশ নেন।
সভায় জানানো হয়, ভ্যাট বৃদ্ধি, কর্মীদের মজুরি ও জ্বালানি ব্যয় বৃদ্ধি, ব্যবসায়িক রেট এবং খাদ্য মূল্যস্ফীতির কারণে যুক্তরাজ্যের হাজারো স্বাধীন রেস্টুরেন্ট ও টেকওয়ে ব্যবসা টিকে থাকার কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে। বিশেষ করে পারিবারিক মালিকানাধীন প্রতিষ্ঠানগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।
বিসিএ সরকারের কাছে পাঁচটি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরে—
হসপিটালিটি খাতের জন্য বিজনেস রেট রিলিফ বৃদ্ধি।
বিশেষজ্ঞ কারি শেফদের জন্য পৃথক ভিসা ব্যবস্থা এবং দক্ষ কর্মী সংকট নিরসন।
ক্ষুদ্র ও মাঝারি ব্যবসার জন্য কর ও জ্বালানি সহায়তা।
পারিবারিক ব্যবসার উত্তরাধিকার ও আধুনিকায়নে অনুদান এবং সহজ অর্থায়ন।
সরকার ও শিল্পের মধ্যে নিয়মিত সংলাপের জন্য একটি হসপিটালিটি সেক্টর কাউন্সিল গঠন।
এ ছাড়া বর্তমান ২০ শতাংশ ভ্যাট হার পুনর্বিবেচনারও আহ্বান জানানো হয়।
বিসিএর প্রেসিডেন্ট অলি খান এমবিই বলেন, কারি শিল্প শুধু যুক্তরাজ্যের অর্থনীতিতেই নয়, দেশটির সাংস্কৃতিক পরিচয়েরও গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু ক্রমবর্ধমান ব্যয় ও শ্রম সংকটের কারণে অনেক ব্যবসা টিকে থাকার লড়াই করছে। শিল্পকে রক্ষায় সরকারের কার্যকর সহযোগিতা প্রয়োজন।
জেনারেল সেক্রেটারি মিঠু চৌধুরী বলেন, এই আলোচনা সভা নীতিনির্ধারক ও শিল্প প্রতিনিধিদের মধ্যে বাস্তবসম্মত সমাধান খোঁজার একটি গুরুত্বপূর্ণ সুযোগ। বিসিএ শিল্পের টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করতে সরকারের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।
চিফ ট্রেজারার টিপু রহমান বলেন, কর্মসংস্থান, স্থানীয় অর্থনীতি ও সাংস্কৃতিক বৈচিত্র্যে কারি শিল্পের অবদান অপরিসীম। তবে পরিচালন ব্যয় ও দক্ষ কর্মীর সংকট এখন এই খাতের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
আলোচনা সভায় বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার ড. নজরুল ইসলাম, ব্রিটিশ এমপি কেভিন বোনাভিয়া, রুশানারা আলী, আপসানা বেগম, রেচেল হপকিন্স, লুসি রিগবি, বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি এবং বিসিএর বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
১৯৬০ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন (বিসিএ) বর্তমানে যুক্তরাজ্যের প্রায় ১২ হাজার রেস্টুরেন্ট ও টেকওয়ে ব্যবসার প্রতিনিধিত্ব করছে। সংগঠনটি ব্যবসায়িক উন্নয়ন, দক্ষ জনবল তৈরি, শিল্পের মানোন্নয়ন এবং নীতিগত সহায়তার লক্ষ্যে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে।

