খাগড়াছড়ি প্রতিনিধি :
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় জলবায়ু সহনশীল জীবিকা গড়ে তোলার লক্ষ্যে ১০৬ জন কৃষক-কৃষাণীর মাঝে ১২ হাজার ৭২০টি বিভিন্ন জাতের আমের চারা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের পুরাতন ভবনে আয়োজিত অনুষ্ঠানে কৃষকদের হাতে এসব চারা তুলে দেওয়া হয়।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বিল্ডিং ক্লাইমেট রেজিলিয়েন্ট লাইভলিহুডস ইন ভালনারেবল ল্যান্ডস্কেপস ইন বাংলাদেশ (বিসিআরএল) প্রকল্পের কৃষক মাঠ স্কুল (এফএফএস) কার্যক্রমের আওতায় ২০২৫-২০২৬ অর্থবছরে এ চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিআরএল প্রকল্পের কম্পোনেন্ট ডিরেক্টর ড. মোহাম্মদ লোকমান হোসেন মজুমদার।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা জহির রায়হান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. রিপন হোসেন, বিসিআরএল প্রকল্পের রাঙামাটি অঞ্চলের রিজিওনাল কো-অর্ডিনেটর ড. মো. আব্দুল্লাহ আল-ফারুক, প্রকল্পের উপজেলা কনসালট্যান্ট মংসাথোয়াই চৌধুরী, উপজেলা কৃষক দলের সভাপতি মো. আল ফারুক, সাংগঠনিক সম্পাদক মো. শাহিন হোসেন এবং মানিকছড়ি সদর ইউনিয়ন সভাপতি মো. আব্দুল রাজ্জাকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ফলদ বৃক্ষরোপণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ধরনের উদ্যোগ কৃষকদের আয় বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ এবং টেকসই জীবিকা নিশ্চিত করতে সহায়ক হবে।

