স্টাফ রিপোর্টার :
রাজশাহী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে ৪৫০ বোতল অবৈধ মাদকদ্রব্য এসকাফ (ESkuf), ৬৮ পিস ইয়াবা এবং একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৪ জুন রাতে গোদাগাড়ী ও বাঘা উপজেলায় পৃথক অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ।
গোদাগাড়ী উপজেলার সারোইল এলাকায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে চেকপোস্ট বসিয়ে অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই (নিরস্ত্র) মো. আশাফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ মহাসড়কে তল্লাশি চালান। রাত সাড়ে ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীগামী একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশি করা হলে গাড়ির পেছনের ডিকিতে থাকা তিনটি কার্টনের ভেতর থেকে ৪৫০ বোতল এসকাফ উদ্ধার করা হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
এ সময় গাড়িসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বহলাবাড়ী কানসাট গ্রামের মাহাতাব উদ্দিনের ছেলে মাহাবুব আলম (২৭) এবং গুয়াবাড়ী চাঁদপুর গ্রামের লাইসেন আলীর ছেলে কাওসার আলী (২১)।
অন্যদিকে একই রাতে বাঘা উপজেলার দক্ষিণ গাওপাড়া এলাকার একটি আমবাগানে অভিযান চালিয়ে ডিবির এসআই (নিরস্ত্র) প্রদ্যুৎ কুমার প্রামানিক সঙ্গীয় ফোর্সসহ ৬৮ পিস ইয়াবাসহ শাকিব হাসান নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেন।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আরও ছয়জন মাদক ব্যবসায়ীর সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তারা হলেন সোহান, বুদু, শিমুল, পলাশ, সাগর ও রাসেল। অভিযানের সময় তারা পালিয়ে যেতে সক্ষম হয়।
উদ্ধার হওয়া মাদকদ্রব্যের ঘটনায় গোদাগাড়ী ও বাঘা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

