হালতি বিলে অভিযান: ৪৫টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ধ্বংস, পোনা মাছ অবমুক্ত

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি:
নাটোরের নলডাঙ্গা উপজেলায় দেশীয় মৎস্যসম্পদ রক্ষা এবং জলাশয়ের পরিবেশগত ভারসাম্য বজায় রাখতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪৫টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ ও ধ্বংস করা হয়েছে। একই সঙ্গে বিপুল পরিমাণ মাছের পোনা উদ্ধার করে জলাশয়ে অবমুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) সকালে উপজেলার হালতি বিলের আচড়াখালী ও ভূষণগাছা এলাকায় উপজেলা প্রশাসন এবং উপজেলা মৎস্য অফিসের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল এমরান খাঁন।

অভিযান চলাকালে বিভিন্ন স্থানে ব্যবহার করা নিষিদ্ধ ৪৫টি চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। পরে জনসমক্ষে এসব জাল পুড়িয়ে নষ্ট করা হয়। পাশাপাশি উদ্ধার হওয়া বোয়ালসহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা পুনরায় জলাশয়ে ছেড়ে দেওয়া হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, চায়না দুয়ারী জালের ব্যবহার দেশীয় মাছের প্রজনন, বৃদ্ধি এবং জলজ জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করে। তাই মৎস্য আইন কার্যকর করতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মাছের উৎপাদন বৃদ্ধি এবং প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণের স্বার্থে নিষিদ্ধ জালের ব্যবহার, ক্রয়-বিক্রয় ও সংরক্ষণ থেকে সবাইকে বিরত থাকতে হবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন জেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. সুজন মাহমুদ, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আবু সাঈদ, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক মোহাম্মদ হাবিল্লাহ, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here