গাজীপুরে ডিবি পুলিশের অভিযানে ১২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

গাজীপুর প্রতিনিধি :

গাজীপুর মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ১২০ কেজি গাঁজাসহ দুইজন কথিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যানও জব্দ করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৬ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৫ জুন) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের একটি দল বাসন থানার ভোগড়া এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে সন্দেহভাজন কয়েকজন ব্যক্তির গতিবিধি পর্যবেক্ষণের একপর্যায়ে দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে তাদের তল্লাশি করে ১২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কুমিল্লা জেলার তিতাস উপজেলার বাসিন্দা মো. ইমন শাহরিয়ার (২৮) এবং মুরাদনগর উপজেলার বাসিন্দা মো. শরিফ (২৮)।

পুলিশের দাবি, প্রাথমিক তদন্তে গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে পূর্বে বিভিন্ন অপরাধে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে একজনের বিরুদ্ধে মাদক এবং অপরজনের বিরুদ্ধে দস্যুতা সংক্রান্ত মামলা রয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের তত্ত্বাবধানে পরিচালিত এ অভিযানে এসআই মো. কামরুল হাসান ও এএসআই মো. আলামিন হোসেন নেতৃত্ব দেন।

পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত মাদক ও জব্দকৃত যানবাহন আইনগত প্রক্রিয়ার আওতায় নেওয়া হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মাদক চোরাচালান ও অবৈধ মাদক ব্যবসা প্রতিরোধে গাজীপুর মহানগর এলাকায় বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here