স্টাফ রিপোর্টার :
বগুড়ার শিবগঞ্জে পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন মীরেরচক প্রগতি কল্যাণ সংস্থার উদ্যোগে বুধবার (২৪ জুন) সকালে শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির সূচনা হয়।
কাঁঠালচাঁপা ফুলের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মীরেরচক প্রগতি কল্যাণ সংস্থার সভাপতি রশিদুর রহমান রানা।
এ সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এস এম তাজুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হান্নান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা সাখাওয়াত হোসেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী নাজমুল হক, শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজুল ইসলাম, জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি রতন কুমার রায়, সংস্থার সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল হান্নান, সদস্য প্রভাষক মাহফুজুর রহমান, মোহাম্মদ আলীসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
বৃক্ষরোপণ শেষে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, গাছ মানুষের অন্যতম উপকারী বন্ধু। এটি শুধু অক্সিজেন সরবরাহই করে না, পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
তিনি আরও বলেন, একটি পরিপক্ব গাছ প্রায় ১০ জন মানুষের প্রয়োজনীয় অক্সিজেনের জোগান দিতে সক্ষম। বর্তমানে জলবায়ু পরিবর্তন, বন উজাড়, নদী-খাল দখল এবং অপরিকল্পিত উন্নয়নের কারণে পরিবেশ মারাত্মক ঝুঁকির মুখে রয়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণ এবং গাছের পরিচর্যার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
আয়োজকরা জানান, মাসব্যাপী এই কর্মসূচির মাধ্যমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, জনসমাগমস্থল ও গুরুত্বপূর্ণ এলাকায় বৃক্ষরোপণ করা হবে। পাশাপাশি পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে নানা কার্যক্রমও পরিচালিত হবে।
এই বাংলা/এমএস
টপিক

