নীলফামারী প্রতিনিধি :
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে নীলফামারীতে সাংবাদিক অবহিতকরণ সভা ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ জুন) দুপুরে জেলা ইপিআই ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে জেলার সার্বিক প্রস্তুতি ও কর্মপরিকল্পনা তুলে ধরেন সিভিল সার্জন ডা. আব্দুর রাজ্জাক।
তিনি জানান, আগামী ২৮ জুন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলার ছয়টি উপজেলা ও চারটি পৌরসভায় একযোগে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পরিচালিত হবে। এ কর্মসূচির আওতায় জেলার মোট ৩ লাখ ৭ হাজার ২৬২ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
সিভিল সার্জন জানান, ৬ থেকে ১১ মাস বয়সী ৩১ হাজার ৪০৯ জন শিশুসহ ১০৫ জন প্রতিবন্ধী শিশুকে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এছাড়া ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ৭৫ হাজার ৮৫৩ জন শিশুসহ ২৭৬ জন প্রতিবন্ধী শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল প্রদান করা হবে।
ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের জন্য জেলার ৬১টি ইউনিয়ন ও ৪টি পৌরসভায় মোট ১ হাজার ৫৯০টি কেন্দ্র স্থাপন করা হয়েছে। এসব কেন্দ্রে ৩ হাজার ১৮০ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন। পাশাপাশি ১৯১ জন প্রথম সারির সুপারভাইজার এবং জেলা সিভিল সার্জন কার্যালয়ের মনিটরিং টিম সার্বিক কার্যক্রম তদারকি করবে।
তিনি আরও বলেন, ভিটামিন ‘এ’ শিশুর দৃষ্টিশক্তি সুরক্ষা, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং স্বাভাবিক শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই নির্ধারিত বয়সী সব শিশুকে ক্যাম্পেইনের আওতায় এনে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. আতিউর রহমান শেখ আতিকসহ জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এই বাংলা/এমএস
টপিক

