বরিশালে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে কোরীয় প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি

বরিশাল প্রতিনিধি :

নগরীর বর্জ্যকে সম্পদে রূপান্তর করে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছে বরিশাল সিটি করপোরেশন। এ লক্ষ্যে সোমবার বিকেলে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান Bioltech–এর সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে সংস্থাটি।

নগর ভবনে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিসিসির প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন–এর উপস্থিতিতে বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রেজাউল বারী এবং বায়োলটেকের সিইও রিউ সাঙ হুন চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে জানানো হয়, বরিশাল নগরীতে প্রতিদিন উৎপাদিত বিপুল পরিমাণ বর্জ্য আধুনিক ইনসিনারেশন প্রযুক্তির মাধ্যমে প্রক্রিয়াজাত করে বিদ্যুৎ উৎপাদন করা হবে। উৎপাদিত বিদ্যুৎ স্থানীয় বাজারে বিক্রির মাধ্যমে সিটি করপোরেশনের রাজস্ব আয় বাড়বে। একই সঙ্গে নগরীর দীর্ঘদিনের বর্জ্য ব্যবস্থাপনা সমস্যার টেকসই সমাধান নিশ্চিত হবে বলে আশা করা হচ্ছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বিসিসির জনসংযোগ কর্মকর্তা আহসান উদ্দীন রোমেল বলেন, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে এ চুক্তি একটি যুগান্তকারী পদক্ষেপ। তিনি জানান, নগরবাসীর জন্য আধুনিক ও পরিবেশবান্ধব বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে বিসিসি প্রশাসনের নেওয়া উদ্যোগের গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এই প্রকল্প।

চুক্তি অনুযায়ী, শিগগিরই প্রকল্পের বাস্তবায়ন কার্যক্রম শুরু হবে। অনুষ্ঠানে বরিশাল সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বায়োলটেকের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here