ডিমলায় কৃষি প্রণোদনায় বীজ ও সার বিতরণ, সময়জ্ঞান নিয়ে কৃষকদের মিশ্র প্রতিক্রিয়া

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি :

নীলফামারীর ডিমলা উপজেলায় ২০২৫–২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রোপা আমন ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে।

সোমবার (২২ জুন) সকালে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুজ্জামান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মীর হাসান আল বান্না, বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক রইসুল আলম চৌধুরী, সাবেক সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মাওলানা মুজিবুর রহমান, বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম রাব্বানী প্রধানসহ কৃষি বিভাগের কর্মকর্তারা।

কৃষি অফিস সূত্রে জানা যায়, কর্মসূচির আওতায় উপজেলার মোট ২ হাজার ৯০০ কৃষকের মাঝে রোপা আমন ধানের রূপশী জাতের ৫ কেজি করে বীজ বিতরণ করা হয়। পাশাপাশি প্রত্যেক কৃষককে ১০ কেজি ইউরিয়া ও ১০ কেজি এমওপি (পটাশ) সার প্রদান করা হয়। মোট বিতরণকৃত সারের পরিমাণ দাঁড়ায় ৮৮ হাজার ১০০ কেজি।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

তবে প্রণোদনা কার্যক্রমকে ঘিরে কৃষকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেক কৃষকের অভিযোগ, বীজ ও সার বিতরণ সময়মতো না হওয়ায় তারা আগেই নিজ উদ্যোগে চারা রোপণ সম্পন্ন করেছেন। ফলে সরকারি বীজ এখন তাদের জন্য কার্যত ব্যবহার অযোগ্য হয়ে পড়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কৃষক জানান, প্রণোদনার বীজ বিতরণে বিলম্ব হওয়ায় তারা ১৫ দিন আগেই বাজার থেকে বীজ সংগ্রহ করে জমিতে বপন করেছেন। বর্তমানে সরকারি বীজ ব্যবহার করার সুযোগ নেই বলে তারা মন্তব্য করেন।

এ বিষয়ে এক কৃষকের ভাষ্য, “এখন যে বীজ দেওয়া হয়েছে, সেটা দিয়ে আর চাষ সম্ভব না। সময়মতো দিলে আমরা উপকৃত হতাম।”

অন্যদিকে অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষকদের উৎপাদন খরচ কমাতে সরকারের প্রণোদনা কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আধুনিক কৃষি চর্চায় কৃষকদের উৎসাহিত করতেই এ ধরনের সহায়তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here