বারইয়ারহাটে পল্লী মঙ্গল কর্মসূচীর বিনামূল্যে মেডিকেল ক্যাম্পে প্রায় ১ হাজার মানুষের চিকিৎসাসেবা

মিরসরাই প্রতিনিধি :

 

চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইয়ারহাটে পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) আয়োজিত দিনব্যাপী বিনামূল্যের মেডিকেল ক্যাম্পে প্রায় এক হাজার অসহায় ও দরিদ্র মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেছেন।

রবিবার (২১ জুন) সকাল ৯টা থেকে বারইয়ারহাট শাখা অফিস প্রাঙ্গণে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ক্যাম্পে চক্ষু, মেডিসিন, গাইনি, চর্ম ও যৌনরোগ, শিশু এবং সার্জারি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের চিকিৎসাসেবা প্রদান করেন। পাশাপাশি রোগীদের বিনামূল্যে প্রেসক্রিপশন, প্রয়োজনীয় ওষুধ, চক্ষুরোগীদের পাওয়ারের চশমা, চোখের ড্রপ, রক্তচাপ মাপার মেশিন এবং ডায়াবেটিস পরীক্ষার মেশিন বিতরণ করা হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন পিএমকের প্রোগ্রাম ম্যানেজার আতিয়ার রহমান। এ সময় উপস্থিত ছিলেন সহকারী প্রোগ্রাম ম্যানেজার সৈয়দ আলী, আহসান, বারইয়ারহাট শাখার ব্যবস্থাপক নাজমুল হুদা, সিনিয়র হিসাবরক্ষক মোহাম্মদ হাফিজুর রহমান, আইটি অফিসার জাহিদুল ইসলাম, ক্রেডিট কর্মকর্তা সঞ্জয় সরকার, এসসিও সাইফুল ইসলাম, রিয়াদ বিন হোসাইন, আব্দুল কাদির, সোহাগ মিয়াসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা।

প্রোগ্রাম ম্যানেজার আতিয়ার রহমান বলেন, “পল্লী মঙ্গল কর্মসূচীর সকল শাখায় নিয়মিতভাবে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় বারইয়ারহাট শাখায় দরিদ্র ও অসহায় মানুষের জন্য এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।”

বারইয়ারহাট শাখার ব্যবস্থাপক নাজমুল হুদা জানান, ১৯৮৭ সালের ২৭ নভেম্বর প্রতিষ্ঠার পর থেকে পল্লী মঙ্গল কর্মসূচী বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের পাশাপাশি স্বাস্থ্যসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। মা ও শিশু স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি, চক্ষু চিকিৎসা এবং গর্ভবতী মায়েদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ প্রদান কার্যক্রমও চলমান রয়েছে।

বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়ে স্থানীয় বাসিন্দারা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here