নীলফামারী প্রতিনিধি :
কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণের ভাড়া কেজিপ্রতি ৫ টাকা নির্ধারণের দাবিতে নীলফামারীতে মানববন্ধন করেছেন আলু ব্যবসায়ী ও কৃষক প্রতিনিধিরা। রবিবার (২১ জুন) সকাল ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আলুর ভ্যালু চেইন প্রমোশনাল বডি-র ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সংগঠনের নীলফামারী সদর উপজেলা সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাবের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন সহ-সভাপতি হারুন উর রশিদ, রোকনুজ্জামান মুকুল, কচুকাটা ইউনিয়ন সাধারণ সম্পাদক আব্দুল কাদির ও কিশোরগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রিপন।
বক্তারা অভিযোগ করেন, চলতি মৌসুমে আলুর বাম্পার ফলন হলেও বাজারে ন্যায্যমূল্য পাওয়া যাচ্ছে না। ফলে ভালো দামের আশায় কৃষক ও ব্যবসায়ীরা বাধ্য হয়ে হিমাগারে আলু সংরক্ষণ করছেন। কিন্তু এ সুযোগে হিমাগার মালিকরা ভাড়া বৃদ্ধি করেছেন, যা কৃষকদের জন্য অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি করছে।
তাদের দাবি, বর্তমানে কেজিপ্রতি প্রায় ৭ টাকা হারে সংরক্ষণ ভাড়া নির্ধারণ করা হয়েছে, যা অযৌক্তিক ও কৃষকবান্ধব নয়। ৬৫ কেজির একটি আলুর বস্তা সংরক্ষণে ৪০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। অথচ প্রকৃত ব্যয় কেজিপ্রতি ৩ থেকে ৫ টাকার মধ্যে সীমাবদ্ধ বলে দাবি করেন বক্তারা।
সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব বলেন, “আলুর বাজারদর কম থাকায় কৃষকরা এমনিতেই ক্ষতির মুখে রয়েছেন। এর ওপর অতিরিক্ত ভাড়ার কারণে তারা আরও বিপদে পড়ছেন। আমরা কোল্ড স্টোরেজ ভাড়া কেজিপ্রতি ৫ টাকা নির্ধারণের দাবি জানাচ্ছি।”
তিনি জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এর আগে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপিও প্রদান করা হয়েছে।
জেলা কৃষি বিপণন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, নীলফামারী জেলায় বর্তমানে ১১টি আলুর হিমাগার রয়েছে। কৃষক ও ব্যবসায়ীদের দাবি, ভাড়া যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনা হলে তারা কিছুটা হলেও আর্থিক স্বস্তি পাবেন।

