খাগড়াছড়ি রিজিয়নের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

খাগড়াছড়ি প্রতিনিধি :

 

পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে খাগড়াছড়িতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

রবিবার সকালে খাগড়াছড়ি সরকারি কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে কর্মসূচির উদ্বোধন করেন ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক।

উদ্বোধনী বক্তব্যে তিনি জানান, আগামী কয়েক বছরের মধ্যে খাগড়াছড়ি জেলায় ২০ লাখ গাছ রোপণের পরিকল্পনা নেওয়া হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে তিনি সবাইকে বেশি করে গাছ লাগানো ও পরিচর্যার আহ্বান জানান।

তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বব্যাপী নানা পরিবেশগত চ্যালেঞ্জ তৈরি হচ্ছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং ব্যাপক বৃক্ষরোপণ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সেনাবাহিনী দেশের বিভিন্ন অঞ্চলে জনকল্যাণমূলক কর্মকাণ্ডের পাশাপাশি পরিবেশ সংরক্ষণেও নিয়মিত কাজ করে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠান শেষে কলেজ প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন শেফালিকা ত্রিপুরা, লে. কর্ণেল মো. আমিনুর রহমান, মেজর কাজী মোস্তফা আরেফিন, মো. মিজানুর রহমান, মো. ফরিদ মিঞা, এমএন আফসার এবং মোশাররফ হোসেনসহ প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

পরে খাগড়াছড়ি সরকারি কলেজ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে চেঙ্গী স্কয়ার-এ গিয়ে শেষ হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here