সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি :
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার উত্তর কাওন্নারা গ্রামকে স্থানীয় গ্রামবাসীর উদ্যোগে ‘মাদক মুক্ত গ্রাম’ হিসেবে ঘোষণা করা হয়েছে।
মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে শুক্রবার (১৯ জুন) রাত ৯টায় গ্রামের মসজিদ প্রাঙ্গণে একটি বিশেষ মাদকবিরোধী সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মো. আবুল বাশার সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মো. মোশারফ হোসেন এবং পরিদর্শক (তদন্ত) মো. আসাদুজ্জামান।
সভায় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে এলাকার একদল যুবক মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা তৈরি করে আসছে। তাদের উদ্যোগে বাড়ি বাড়ি গিয়ে মাদকসেবী ও তাদের পরিবারকে সচেতন করা হচ্ছে। এর ধারাবাহিকতায় গ্রামকে মাদকমুক্ত করার লক্ষ্য নিয়ে এই সভার আয়োজন করা হয়।
বক্তারা আরও বলেন, শুধু আইন প্রয়োগ করে নয়, সামাজিক সচেতনতা ও পারিবারিক নজরদারির মাধ্যমেই মাদক নিয়ন্ত্রণ সম্ভব। যুবসমাজকে রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়।
স্থানীয়দের ব্যাপক উপস্থিতিতে আয়োজিত এ সভায় গ্রামবাসীরা একযোগে মাদকবিরোধী অবস্থান জোরদারের অঙ্গীকার ব্যক্ত করেন।

