ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি :
মানিকগঞ্জের ঘিওর উপজেলায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নগদ অর্থ ও চাল বিতরণ করা হয়েছে।
শনিবার (২০ জুন) সকালে উপজেলার সিংজুরী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত ২০টি পরিবারের হাতে নগদ অর্থ এবং ২৫০ জনের মাঝে চাল বিতরণ করা হয়।
সিংজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মো. আসাদুর রহমান মিঠু-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্যের সহধর্মিণী শায়লা কবির।
এ সময় আরও উপস্থিত ছিলেন ঘিওর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মীর মানিকুজ্জামান মানিক, সিংজুরী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুল কাদের মিয়া, সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম রেজা, যুগ্ম সম্পাদক মো. শহীদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. গুলজার হোসেন, ইউনিয়ন যুবদলের সভাপতি মো. রিপন মিয়া, বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২০টি পরিবারের প্রত্যেককে ২ হাজার ৫০০ টাকা করে নগদ অর্থ এবং ২৫০ জন উপকারভোগীর মাঝে ২০ কেজি করে চাল বিতরণ করা হয়।
এ সময় শায়লা কবির বলেন, “প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত আমাদের ভাই-বোন ও পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানাই। এই দুর্যোগের সময়ে তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আজকের এই সহায়তা ক্ষতির তুলনায় সামান্য হলেও আমরা সবসময় আপনাদের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকব, ইনশাআল্লাহ।”
বক্তারা বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সরকার এবং স্থানীয় জনপ্রতিনিধিরা বিভিন্ন ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত রেখেছেন। এ ধরনের উদ্যোগ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্ভোগ কিছুটা হলেও লাঘব করবে।

