তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে নীলফামারীতে ৮ কিলোমিটার মানববন্ধন

নীলফামারী প্রতিনিধি :

 

তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে নীলফামারীতে প্রায় ৮ কিলোমিটার এলাকাজুড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ জুন) সকালে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংগ্রাম কমিটির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনটি তিস্তা ব্যারেজের সামনে থেকে শুরু হয়ে ডালিয়া-পাগলাপীর সড়কের প্রায় ৮ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত ছিল। এতে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংগ্রাম কমিটির অন্যতম সদস্য প্রভাষক ছাদের হোসেনের সঞ্চালনায় আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য ও সংগ্রাম কমিটির উপদেষ্টা অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আলফারুক আব্দুল লতীফ, নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফি এবং নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য হাফেজ মোহাম্মদ আব্দুল মুনতাকিম।

এছাড়াও বক্তব্য রাখেন সংগ্রাম কমিটির সদস্য মাওলানা আন্তাজুল ইসলাম, অধ্যাপক আনোয়ারুল ইসলাম, মুজিবুর রহমান, মোখলেছার রহমান, মনিরুজ্জামান জুয়েল, আব্দুল কাদিম, অ্যাডভোকেট মামুনুর রশীদ পাটোয়ারী এবং সাংবাদিক কামারুজ্জামানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার বলেন, সম্প্রতি মন্ত্রিপরিষদের দুই সদস্য তিস্তা ব্যারেজ এলাকা পরিদর্শনের কয়েক ঘণ্টার মধ্যেই তিস্তার পানি প্রবাহ বৃদ্ধি পায়। তিনি এ বিষয়ে সংসদে আলোচনা এবং প্রয়োজন হলে আন্তর্জাতিক আইনের আওতায় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

তিনি আরও বলেন, তিস্তা নদী উত্তরাঞ্চলের কয়েকটি জেলার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে প্রায় দুই কোটি মানুষ উপকৃত হবে। নদী শাসন, বন্যা নিয়ন্ত্রণ, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে এ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বক্তারা বলেন, দেশের স্বার্থে এবং উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি পূরণে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করা সময়ের দাবি। মানববন্ধন থেকে সরকারের কাছে অবিলম্বে প্রকল্পটির বাস্তবায়ন কার্যক্রম শুরু করার আহ্বান জানানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here