নিজস্ব প্রতিবেদক :
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে স্থানীয় পর্যায়ে তথ্য-উপাত্তের সমন্বয় ও জাতীয় পরিসংখ্যান ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ময়মনসিংহে “এসডিজি লোকালাইজেশন (৩৯+১)” শীর্ষক অর্ধদিবসব্যাপী একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে “এসডিজি ডাটা রিপোর্টিং সমন্বয়ের নিমিত্ত জাতীয় পরিসংখ্যান ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধিকরণ” প্রকল্পের আওতায় এ সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ফিরোজ সরকার। তিনি বলেন, পরিকল্পনার ভিত্তি হলো নির্ভুল তথ্য। স্থানীয় পর্যায়ে সঠিক ও হালনাগাদ তথ্য ছাড়া টেকসই উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব নয়। তিনি আরও উল্লেখ করেন, এসডিজির ১৭টি লক্ষ্য ও ১৬৯টি সূচকের মধ্যে বাংলাদেশের প্রেক্ষাপটে অগ্রাধিকারভিত্তিক ৩৯টি জাতীয় সূচক এবং ১টি স্থানীয় সূচক নির্ধারণ করে “৩৯+১” ফরম্যাটে লোকালাইজেশন করা হয়েছে।
সভাপতিত্ব করেন এস এম হুমায়ুন কবির সরকার। তিনি বলেন, ময়মনসিংহ বিভাগ এসডিজি বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞ এবং সকল সরকারি দপ্তরের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে নির্ধারিত লক্ষ্য অর্জন সম্ভব হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মীর হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ সাইফুর রহমান এবং মোহাম্মদ কামরুল হাসানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
সেমিনারে এসডিজি সূচকের তথ্য সংগ্রহের কৌশল, ডাটা ব্যবস্থাপনা ও অনলাইন রিপোর্টিং পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা ও উপস্থাপনা করা হয়। শেষে প্রধান অতিথি অংশগ্রহণকারী কর্মকর্তাদের মাঝে সনদপত্র বিতরণ করেন।

