নাটোর প্রতিনিধি :
কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে নাটোরের বড়াইগ্রামে পার্টনার কংগ্রেস (সমাবেশ) অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ কংগ্রেসে সভাপতিত্ব করেন লায়লা জান্নাতুল ফেরদৌস। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল আজিজ।
প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) কর্মসূচির আওতায় আয়োজিত এ কংগ্রেসে স্বাগত বক্তব্য দেন সজীব আল মারুফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কল্যাণ প্রসাদ পাল, আব্দুল লতিফ এবং মাহিদ হাসান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হুসনিয়ারা খাতুন।
বক্তারা বলেন, পার্টনার প্রকল্পের মূল লক্ষ্য হলো নতুন কৃষি উদ্যোক্তা সৃষ্টি, গ্রামীণ অর্থনীতিতে গতি সঞ্চার এবং দেশের কৃষিকে খোরপোষভিত্তিক চাষাবাদ থেকে বাণিজ্যিক কৃষিতে রূপান্তর করা। পাশাপাশি খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রেও এ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
সভায় কৃষি উৎপাদন বৃদ্ধি, নতুন জাতের ফসল সম্প্রসারণ, কৃষিপণ্যের কার্যকর বাজারজাতকরণ, খাদ্যের গুণগত মান উন্নয়ন এবং নিরাপদ খাদ্য সরবরাহ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। এছাড়া প্রান্তিক কৃষকদের কাছে আধুনিক কৃষি প্রযুক্তি, তথ্য ও কলাকৌশল পৌঁছে দিয়ে টেকসই কৃষি উন্নয়ন নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
কংগ্রেসে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, বেসরকারি সংস্থার প্রতিনিধি, পিএফএস ও নন-পিএফএস কৃষক-কৃষাণী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা এবং অন্যান্য স্টেকহোল্ডার অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি কৃষকদের মধ্যে আধুনিক কৃষি প্রযুক্তি ও উদ্যোক্তা উন্নয়নে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন অংশগ্রহণকারীরা।

