ডিমলায় পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি :

 

নীলফামারীর ডিমলায় কৃষির আধুনিকায়ন, পুষ্টি নিরাপত্তা ও গ্রামীণ অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় এ কংগ্রেস অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির, উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না এবং জেলা অতিরিক্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ছাদিকুজ্জামান।

এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক আলহাজ্ব রইসুল আলম চৌধুরী, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা মুজিবুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ আনম শিবলী সাদিক, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী প্রধান, ইসলামী ছাত্রশিবির ডিমলা উপজেলা শাখার সভাপতি আবদুল্লাহ আল মামুনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা।

অনুষ্ঠানে বক্তারা কৃষক স্মার্ট কার্ডের মাধ্যমে ডিজিটাল কৃষি সেবা সম্প্রসারণ, নারী ও তরুণ উদ্যোক্তা তৈরি, কৃষি উৎপাদন বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় কৃষকদের সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

তারা বলেন, কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে সরকারি ও বেসরকারি উদ্যোগের সমন্বয় প্রয়োজন। পাশাপাশি কৃষকদের প্রশিক্ষণ, প্রযুক্তিগত সহায়তা এবং বাজার ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করা সম্ভব।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার কৃষক-কৃষাণী, কৃষি উদ্যোক্তা, সুশীল সমাজের প্রতিনিধি এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here