নীলফামারী প্রতিনিধি :
বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে নীলফামারী জেলা পরিষদের উদ্যোগে ১২০০টি ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছে।
বৃহস্পতিবার ২০২৪-২০২৫ অর্থবছরের এডিপি বরাদ্দের আওতায় আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন নীলফামারী জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী শামীম। গোমনাতী ইউনিয়নের চৌরঙ্গী বাজার থেকে আলসিয়া বাজার সড়কের দুই পাশে এসব গাছের চারা রোপণ করা হয়।
এ সময় জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মো. মামুন উর রশিদ, ডোমার উপজেলা কৃষক দলের সভাপতি আফজাল হোসেন চৌধুরী হিরু, গোমনাতী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইদ্রিজ আলী চৌধুরী, সাধারণ সম্পাদক তহিদুর রহমান বুলবুল, ইউনিয়ন কৃষক দলের সভাপতি রইছুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য দেশ গড়ে তুলতে ব্যাপক বৃক্ষরোপণের বিকল্প নেই। ফলজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে পরিবেশের সুরক্ষার পাশাপাশি স্থানীয় জনগণও দীর্ঘমেয়াদে অর্থনৈতিকভাবে উপকৃত হবে।
স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সড়কের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি এসব গাছ ভবিষ্যতে পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আয়োজকরা জানান, পরিবেশবান্ধব ও টেকসই উন্নয়নের লক্ষ্যে এ ধরনের বৃক্ষরোপণ কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

