বকশীগঞ্জে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত, দেশি-বিদেশি ফলের সমারোহ

বকশীগঞ্জ প্রতিনিধি :

 

‘করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় জাতীয় ফল মেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা কৃষি কার্যালয় প্রাঙ্গণে এ মেলার আয়োজন করা হয়।

মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আমিনুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাদিয়া আফরিন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্সসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কৃষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

মেলায় উপজেলার বিভিন্ন এলাকার কৃষক, নার্সারি মালিক ও উদ্যোক্তারা তাদের উৎপাদিত নানা জাতের দেশি-বিদেশি ফল প্রদর্শন করেন। স্টলগুলোতে আম, লিচু, কাঁঠাল, কলা, পেয়ারা, পেঁপে, আনারস, তরমুজ, লটকন, জাম, জামরুল, লেবু, মাল্টা, কমলা, আঙুর, ড্রাগন ফল, সফেদা, আমড়া, বেল, নারিকেল, তাল, বরই, করমচাসহ বিভিন্ন মৌসুমি ও অপ্রচলিত ফল স্থান পায়।

মেলায় আগত দর্শনার্থীরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং ফল চাষ, পরিচর্যা ও সংরক্ষণ বিষয়ে কৃষি কর্মকর্তাদের কাছ থেকে প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ করেন।

আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন ফল চাষে কৃষকদের উৎসাহিত করার পাশাপাশি পুষ্টি সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আমিনুল ইসলাম বলেন, মানুষের পুষ্টি চাহিদা পূরণে ফলের গুরুত্ব অপরিসীম। নিরাপদ ও পুষ্টিকর ফল উৎপাদন বৃদ্ধি এবং ফল চাষে কৃষকদের আরও উদ্বুদ্ধ করতেই এ মেলার আয়োজন করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here