বাঘাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি :
“করবো মোরা ফলচাষ, সংরক্ষণ করবো বারো মাস” প্রতিপাদ্যে রাঙামাটির বাঘাইছড়িতে জাতীয় ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা কৃষি অফিস মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মেলার উদ্বোধন করা হয়।
ফল উৎপাদন বৃদ্ধি, পুষ্টি সচেতনতা গড়ে তোলা এবং দেশীয় ফলের পরিচিতি ও গুরুত্ব তুলে ধরার লক্ষ্যে আয়োজিত এ মেলায় বিভিন্ন প্রজাতির দেশীয় ফল প্রদর্শন করা হয়। প্রদর্শনীতে জামরুল, লেবু, নারকেল, শবরী কলা, তেঁতুল, বিভিন্ন জাতের আম, কাঁঠাল, জাম্বুরা, বেল, আনারস, পেঁপে ও পেয়ারাসহ নানা ধরনের ফল স্থান পায়।
মেলায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, কৃষক ও সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ফলের বৈচিত্র্য ও বর্ণিল উপস্থাপনা দর্শনার্থীদের আকৃষ্ট করে।
মেলা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ফলের পুষ্টিগুণ, অর্থনৈতিক সম্ভাবনা, বাজারজাতকরণ ব্যবস্থা এবং ফল সংরক্ষণের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে এবং ফলভিত্তিক অর্থনৈতিক কার্যক্রম সম্প্রসারণে ফল চাষে আরও বেশি গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে দেশীয় ফলের উৎপাদন ও সংরক্ষণে কৃষকদের উৎসাহিত করার আহ্বান জানানো হয়।
উপসহকারী কৃষি কর্মকর্তা তোফায়েল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. নুর আলম। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. ওমর আলী এবং বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ নাছির উদ্দীন মজুমদার।
এছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, কৃষি বিভাগের মাঠকর্মী, শিক্ষার্থী, কৃষক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।
দিনব্যাপী আয়োজিত এ ফল মেলায় ফল চাষ সম্প্রসারণ, ফল সংরক্ষণ এবং দেশীয় ফলের প্রতি মানুষের আগ্রহ বাড়ানোর বিষয়ে সচেতনতামূলক বার্তা তুলে ধরা হয়। আয়োজকরা জানান, পুষ্টিসমৃদ্ধ ও আত্মনির্ভরশীল বাংলাদেশ গঠনের লক্ষ্যে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

