পঞ্চগড় প্রতিনিধি :
পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে পঞ্চগড়ে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে জেলা পরিষদ। সরকারের ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
পঞ্চগড় সদর উপজেলার গড়িনাবাড়ি ইউনিয়নের গোয়ালপাড়া এলাকায় পঞ্চগড়-ধামোর সড়কের পাশে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক ও সাবেক পৌর মেয়র মোহাম্মদ তৌহিদুল ইসলাম।
পরে জেলা পরিষদের উদ্যোগে আরও এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে জেলা পরিষদ কার্যালয় ও ডাকবাংলো চত্বরে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।
এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার, সহকারী প্রকৌশলী, উপসহকারী প্রকৌশলী, জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী, সুশীল সমাজের প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণের বিকল্প নেই।
জেলা পরিষদ প্রশাসক মোহাম্মদ তৌহিদুল ইসলাম বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত করে বৃক্ষরোপণ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের আহ্বান জানান। তিনি আগামী প্রজন্মের জন্য একটি সবুজ, নিরাপদ ও বাসযোগ্য দেশ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসার ওপর গুরুত্বারোপ করেন।

