নকলা (শেরপুর) প্রতিনিধি :
শেরপুরের নকলায় ২০২৫-২০২৬ অর্থবছরে বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়ন কর্মসূচির আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত জনগণের জীবনমান উন্নয়নের লক্ষ্যে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে গৃহ নির্মাণ সহায়তার অংশ হিসেবে ঢেউটিন ও আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
বুধবার (১৭ জুন) নকলা উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর (ডিডিআরএম) যৌথভাবে এ বিতরণ কর্মসূচির আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে বাইসাইকেল, শিক্ষাবৃত্তির চেক, ঢেউটিন ও গৃহ নির্মাণ সহায়তার চেক তুলে দেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরী। পরে তিনি উপজেলা পরিষদ চত্বরে একটি অর্জুন গাছের চারা রোপণ করেন।
এসময় উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. খোরশেদুর রহমান, সাবেক যুগ্ম-আহ্বায়ক মহিউদ্দিন মুক্তার, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের মহিলা বিষয়ক সহসম্পাদক পারভেছুন নাহার নিপু, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক প্রকৌশলী দেলোয়ার হোসেন সাঈদী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আ. ওয়াহেদ খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনোয়ার হোসেন শামীম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রুমান হাসান, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরী বলেন, বর্তমান সরকার সমাজের অনগ্রসর ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতে শিক্ষা উপকরণ ও বৃত্তি প্রদান এবং দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকারের এ সহায়তা প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, শিক্ষা, সামাজিক সুরক্ষা ও মানবিক সহায়তার মাধ্যমে একটি বৈষম্যহীন ও উন্নত সমাজ গঠনে সরকার বদ্ধপরিকর। এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

