নিজস্ব প্রতিবেদক :
রাঙ্গামাটির নানিয়ারচর জোনের উদ্যোগে পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ, বর্জ্য ব্যবস্থাপনা এবং অর্গানিক কম্পোস্ট সার প্রস্তুতকরণ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) সকাল সাড়ে ১০টায় আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নানিয়ারচর জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. মশিউর রহমান, পিএসসি।
এ সময় জোনের উপ-অধিনায়ক, অ্যাডজুট্যান্ট, কৃষি কর্মকর্তা, বন বিভাগের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, নানিয়ারচর থানা প্রতিনিধি, বাজার কমিটির নেতৃবৃন্দ, সাংবাদিক, গ্রাম পুলিশ, আনসার-ভিডিপি সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব, প্লাস্টিক ও অন্যান্য বর্জ্যের সঠিক ব্যবস্থাপনা এবং পরিবেশবান্ধব কার্যক্রমে জনসম্পৃক্ততার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। প্রধান অতিথি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসন ও সাধারণ জনগণের সমন্বিত উদ্যোগের মাধ্যমে পরিবেশ সংরক্ষণে এগিয়ে আসার আহ্বান জানান।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
আলোচনায় গৃহস্থালি ও কৃষিজ বর্জ্য ব্যবহার করে অর্গানিক কম্পোস্ট সার তৈরির পদ্ধতি, এর পরিবেশগত ও অর্থনৈতিক সুফল এবং কৃষিতে জৈব সারের ব্যবহার বৃদ্ধির বিষয়েও বিস্তারিত তুলে ধরা হয়। অংশগ্রহণকারীদের পরিবেশ দূষণ কমানো, মাটির উর্বরতা বৃদ্ধি এবং টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তুলতে জৈব সার ব্যবহারে উৎসাহিত করা হয়।
সভায় বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা পরিবেশ সংরক্ষণ, বর্জ্য ব্যবস্থাপনা এবং জৈব সার উৎপাদনে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় বৃদ্ধির ওপর গুরুত্ব দেন। পাশাপাশি নানিয়ারচর উপজেলাকে পরিচ্ছন্ন, সবুজ ও পরিবেশবান্ধব এলাকা হিসেবে গড়ে তুলতে সম্ভাব্য কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা করা হয়।
সভায় বক্তারা আশা প্রকাশ করেন, পরিবেশ সংরক্ষণ, জনসচেতনতা বৃদ্ধি, টেকসই কৃষি উন্নয়ন এবং জনকল্যাণমূলক কার্যক্রমে নানিয়ারচর জোনের এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

