খাগড়াছড়িতে সীমান্ত নিরাপত্তা জোরদারে বিজিবির দুটি নতুন অপারেশনাল বেস স্থাপন

খাগড়াছড়ি প্রতিনিধি :

 

সীমান্ত নিরাপত্তা জোরদার, চোরাচালান প্রতিরোধ এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে কার্যক্রম আরও গতিশীল করতে খাগড়াছড়িতে দুটি অস্থায়ী অপারেশনাল বেস (টিওবি) স্থাপন করেছে খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি)।

রোববার (১৪ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ বা ‘পুশ-ইন’ বৃদ্ধির প্রেক্ষাপটে পানছড়ি উপজেলার মনোরমেরটিলা ও রিন্টুরজুম এলাকায় এ দুটি অপারেশনাল বেস স্থাপন করা হয়েছে।

বিজিবি জানায়, আন্তর্জাতিক সীমান্তে নজরদারি বৃদ্ধি, মাদক ও অবৈধ অস্ত্র পাচার প্রতিরোধ এবং পার্বত্য অঞ্চলে সক্রিয় সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা মোকাবিলায় তারা দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে আসছে। নতুন অপারেশনাল বেস চালুর ফলে সীমান্ত এলাকায় টহল ও নজরদারি আরও কার্যকর হবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটবে।

এছাড়া বনজ সম্পদ সংরক্ষণ, অবৈধভাবে কাঠ ও বাঁশ পাচার প্রতিরোধ এবং সীমান্তবর্তী এলাকার জনগণের নিরাপত্তা নিশ্চিত করতেও এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানানো হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বিজিবি আরও জানায়, অপারেশনাল বেস স্থাপনের আগে স্থানীয় কারবারি, হেডম্যান, জমির মালিক ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে স্থান নির্বাচন করা হয়েছে। পরবর্তীতে স্থানীয় ভূমি অফিসের মাধ্যমে জমি বন্দোবস্তের কার্যক্রমও সম্পন্ন করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়, সম্প্রতি কিছু স্বার্থান্বেষী মহল সামাজিক যোগাযোগমাধ্যমে, বিশেষ করে ফেসবুকে, এ বিষয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। এ ধরনের অপপ্রচার থেকে বিরত থাকার পাশাপাশি যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য বিশ্বাস না করার আহ্বান জানিয়েছে বিজিবি।

খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি)-এর ভারপ্রাপ্ত অধিনায়ক বলেন, “সীমান্তে সাম্প্রতিক সময়ে পুশ-ইন বৃদ্ধির প্রেক্ষাপটে নজরদারি জোরদার করতে মনোরমেরটিলা ও রিন্টুরজুম এলাকায় দুটি অপারেশনাল বেস স্থাপন করা হয়েছে। এর ফলে মাদক চোরাচালান, অবৈধ অস্ত্র পাচার এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবির কার্যক্রম আরও গতিশীল হবে।”

তিনি বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জাতীয় স্বার্থ রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here