রৌমারী সীমান্তে ৯ জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ উদ্যোগ

কুড়িগ্রাম প্রতিনিধি :

 

কুড়িগ্রামের রৌমারী উপজেলার গয়টাপাড়া সীমান্ত এলাকায় নারী, শিশু ও পুরুষসহ ৯ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর বিরুদ্ধে। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় বাসিন্দাদের সতর্ক অবস্থানের কারণে ওই প্রচেষ্টা সফল হয়নি।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার ভোরে ভারতের আসাম রাজ্যের ধুবড়ি জেলার জালুর চর ক্যাম্পসংলগ্ন আন্তর্জাতিক সীমান্ত পিলার ১০৬০/১-এস এলাকায় ৯ জনকে সীমান্তের দিকে নিয়ে আসে বিএসএফ। এ সময় বিজিবি সদস্যরা পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করলে তাদের বাংলাদেশে প্রবেশের চেষ্টা ব্যাহত হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

পরে ওই ব্যক্তিদের সীমান্তের কাঁটাতারের নিকটবর্তী এলাকায় অবস্থান করানো হয় বলে জানা গেছে। ঘটনাটি জানাজানি হলে সীমান্ত এলাকায় উদ্বেগের সৃষ্টি হয় এবং স্থানীয়রাও বিজিবির সঙ্গে সমন্বয় করে নজরদারি জোরদার করেন।

জামালপুর-৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাসানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, নারী, শিশু ও পুরুষ মিলিয়ে ৯ জনকে সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়েছিল। তবে বিজিবির বাধার কারণে তা সম্ভব হয়নি।

তিনি আরও জানান, ঘটনার বিষয়ে আলোচনা ও প্রয়োজনীয় তথ্য যাচাইয়ের জন্য বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here