সুবর্ণচরে নারীকে মারধরের অভিযোগে যুবদল নেতাকে ঘিরে সমালোচনা, ভিডিও ভাইরাল

নোয়াখালী প্রতিনিধি :

নোয়াখালীর সুবর্ণচর উপজেলা এলাকায় পূর্ববিরোধের জেরে এক নারীকে প্রকাশ্যে মারধরের অভিযোগ উঠেছে যুবদল নেতা মো. সফিক–এর বিরুদ্ধে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

শনিবার (১৩ জুন) বেলা ১১টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন–এর ৭ নম্বর ওয়ার্ডের চরলক্ষী গ্রামে এ ঘটনা ঘটে।

মারধরের শিকার তাসলিমা আক্তার খুকি একই গ্রামের বাসিন্দা ও মো. খলিল ড্রাইভারের স্ত্রী। অভিযুক্ত সফিক মোহাম্মদপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এবং মনতারাগো বাড়ির সামছুদ্দিন মোল্লার ছেলে।

ভুক্তভোগী খুকি অভিযোগ করেন, তার স্বামী গত দুই মাস ধরে সফিকের অধীনে কাজ করলেও বেতন পাননি। বেতন চাইতে গেলে সফিক দাবি করেন, তার স্বামী ইয়াবা সেবন করে সব টাকা খরচ করেছেন। ঈদুল আজহার সময়ও বেতন না পাওয়ায় পরিবারকে কষ্টে দিন কাটাতে হয়েছে। পরে তিনি স্বামীকে সফিকের কাজে যেতে নিষেধ করলে এ নিয়ে বিরোধের সৃষ্টি হয়।

খুকির ভাষ্য অনুযায়ী, শনিবার সকালে বাড়ির পাশের নদীতে বসানো একটি রিং জাল সফিক নিয়ে যাওয়ার চেষ্টা করলে তারা বাধা দেন। এ সময় সফিক তার স্বামীকে মারধর করেন। পরে তিনি ও তার ভগ্নিপতি নূরে মাওলা আবার এসে হামলা চালান। স্বামীকে রক্ষা করতে গেলে তাকেও মারধর করা হয় বলে অভিযোগ করেন তিনি।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

এ ছাড়া খুকি অভিযোগ করেন, সফিকের প্রকল্পে মাদক ব্যবসা পরিচালিত হয় এবং তার স্বামীকে সেখানে বিভিন্ন অবৈধ কাজে ব্যবহার করা হতো। তবে এসব অভিযোগের পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি।

অন্যদিকে অভিযোগ অস্বীকার করে সফিক বলেন, খুকির পরিবারের সঙ্গে তার দীর্ঘদিনের সুসম্পর্ক ছিল। কয়েক দিন আগে খুকির স্বামী তার বোনের বসতঘরের দরজা খোলার চেষ্টা করেন এবং মাছ চুরির ঘটনাও ঘটান বলে তিনি দাবি করেন। তার ভাষ্য, শনিবার সকালে জাল নিয়ে ফেরার পথে খুকি ও তার স্বামী তার ওপর হামলা চালিয়ে নাক ফাটিয়ে দেন।

এ বিষয়ে চরজব্বর থানা–র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফর রহমান বলেন, “এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অভিযোগ ও পাল্টা অভিযোগের বিষয়ে তদন্ত শেষে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here