সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি :
পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ফরিদপুরের সদরপুর উপজেলায় আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৩ জুন) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে সবুজায়নের নতুন অভিযাত্রার সূচনা হয়।
সরকার ঘোষিত ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ইমাম, সাংবাদিক, জনপ্রতিনিধি, শিক্ষার্থী এবং বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। তারা পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ শাওনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন শাহ, উপজেলা প্রকৌশলী আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাচন কর্মকর্তা মঞ্জুরুরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. গোলাম রব্বানী, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুতজ্জামান বদু, সদস্য সচিব তরিকুল ইসলাম কবির মোল্যা, সদরপুর সরকারি কলেজ মসজিদের পেশ ইমাম মুফতি মুহাম্মাদ জাকির হুসাইন ফরিদীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
পরে উপজেলা পরিষদ সংলগ্ন বালুর মাঠে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ শাওন বলেন, সরকারের ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির সফল বাস্তবায়নের অংশ হিসেবে সদরপুরে এ কার্যক্রম শুরু হয়েছে। আগামী ১৮০ দিনের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে উপজেলা প্রশাসনের উদ্যোগ সফল করতে তিনি সকল শ্রেণি-পেশার মানুষের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করেন।
তিনি আরও বলেন, “একটি গাছ শুধু পরিবেশকে সবুজ করে না, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গঠনের অন্যতম ভিত্তি হিসেবে কাজ করে। তাই সরকারি উদ্যোগের পাশাপাশি প্রতিটি পরিবার ও নাগরিককে বৃক্ষরোপণ ও পরিচর্যায় এগিয়ে আসতে হবে।”
অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিরা বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন এবং পরিবেশ সুরক্ষায় সম্মিলিত উদ্যোগ গ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন।
এই বাংলা/এমএস
টপিক

